শুভাবরি ওয়েব ডেস্ক, ১৩ মে, কলকাতা :
গুরাপে পুলিশের জালে ২ গাড়ি ও ৫ পাচারকারী।
মঙ্গলবার গভীর রাতে হুগলি গ্রামীণ জেলা পুলিশের তৎপরতায় গুরাপ থানা এলাকায় গোরু পাচারের একটি বড়সড় প্রচেষ্টা ব্যর্থ হলো। জাতীয় সড়কে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ দুটি গবাদিপশু বোঝাই গাড়ি আটক করেছে। এই ঘটনায় মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ১২ ও ১৩ মে মধ্য রাতে গুরাপ থানা এলাকায় ডিউটি চলাকালীন গোপন সূত্রে খবর আসে যে, অবৈধভাবে গবাদিপশু নিয়ে যাওয়া হচ্ছে। সেই খবরের ভিত্তিতে এনএইচ ১৯ এবং ২৩ নম্বর রুটে নাকা তল্লাশি শুরু করে পুলিশ। তল্লাশিতে WB 41K 2339 এবং WB 41J 8895 নম্বরের দুটি সন্দেহভাজন গাড়িকে আটকানো হয়।
গাড়ি দুটিতে তল্লাশি চালিয়ে দেখা যায়, অত্যন্ত অমানবিক অবস্থায় মোট ১০টি গোরু (প্রতিটিতে ৫টি করে) বোঝাই করা রয়েছে। চালক ও খালাসিদের কাছে গবাদিপশু পরিবহনের সপক্ষে কোনো বৈধ কাগজপত্র বা নথি না থাকায় পুলিশ তাদের তৎক্ষণাৎ গ্রেপ্তার করে এবং গোরুসহ গাড়ি দুটি বাজেয়াপ্ত করে।
ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে:
গোরুগুলো পূর্ব বর্ধমানের জামালপুর এলাকা থেকে সংগ্রহ করা হয়েছিল। এই চক্রের সাথে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে প্রশাসন। হুগলি গ্রামীণ জেলা পুলিশ তথা গুরাপ থানা এই ঘটনায় দুটি পৃথক মামলা রুজু করেছে। ধৃত ৫ অভিযুক্তকে আজ চুঁচুড়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (CJM) আদালতে পেশ করা হয়েছে। তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, পাচারচক্রের শিকড় পর্যন্ত পৌঁছাতে ধৃতদের পুলিশি রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাচারকারীদের মূল পান্ডার খোঁজ পাওয়ার চেষ্টা চলছে।
