ওয়েব ডেস্ক; ১২ ফেব্রুয়ারি : বিদ্যুৎ, কেন্দ্র এবং রাজ্য উভয়ের তালিকাভুক্ত হওয়ায় সকল গ্রাহক এবং গ্রাম ও শহরে বিদ্যুৎ সরবরাহ এবং বিতরণ সংশ্লিষ্ট রাজ্য সরকার বা রাজ্য বিতরণ সংস্থার অধিকারের মধ্যে পড়ে। ভারত সরকার ২০১৪-য় শুরু হওয়া দীনদয়াল উপাধ্যায় গ্রামজ্যোতি যোজনা (ডিডিইউজিজেওয়াই), ২০১৭-র অক্টোবরে শুরু হওয়া প্রধানমন্ত্রী সহজ বিজলি হর ঘর যোজনা (এসএইউবিএইচএজিওয়াই) এবং ২০২১-এ শুরু হওয়া বর্তমানের রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম (আরডিএসএস)-এর মতো কর্মসূচির মাধ্যমে সকল গ্রাহককে সঠিক গুণমানের বিদ্যুৎ দিতে সাহায্য করে রাজ্যগুলিকে।
ডিডিইউজিজেওয়াই-এর উদ্দেশ্য প্রতিটি বিদ্যুৎহীন গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া এবং গ্রামীণ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে জোরদার করা। সৌভাগ্য কর্মসূচি (এসএইউবিএইচএজিওয়াই)-র উদ্দেশ্য গ্রামাঞ্চলে বিদ্যুৎহীন ইচ্ছুক পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়ার মাধ্যমে সব পরিবারে বিদ্যুতায়ন সম্ভব করা, একইসঙ্গে ২০১৯-এর মার্চের মধ্যে দেশের শহরাঞ্চলে গরিব কিন্তু ইচ্ছুক পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া।
বিদ্যুতায়িত গ্রামের সংজ্ঞা গ্রামীণ বিদ্যুতায়ন নীতি ২০০৬-এর অনুসারী কিন্তু এসএইউবিএইচএজিওয়াই-এর অধীনে সব পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ হাতে নেওয়া হয়, যা এখনও চলছে আরডিএসএস কর্মসূচিতে।
রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির দেওয়া প্রতিবেদন অনুযায়ী বসবাসহীন বিদ্যুৎহীন গ্রামগুলিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে ২০১৮-র ২৮ এপ্রিলের মধ্যে। ১৮ হাজার ৩৭৪টি গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে ডিডিইউজিজেওয়াই-তে, যার মধ্যে ৪৯ লক্ষ ২৫ হাজার ১২৪টি পরিবার দারিদ্রসীমার নীচে বসবাস করে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতিবেদন অনুযায়ী ডিডিইউজিজেওয়াই-র অধীনে এবং পরে এসএইউবিএইচএজিওয়াই-এর অধীনে সব ইচ্ছুক পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ সম্পূর্ণ হয়েছে ২০১৯-এর ৩১ মার্চের মধ্যে। এসএইউবিএইচএজিওয়াই-এর সময়ে ২.৮৬ কোটি পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। দুটি কর্মসূচিই বন্ধ হয়ে গেছে ৩১.০৩.২০২২-এ।
আরডিএসএস-এর অধীনে গ্রিড ইলেক্ট্রিফিকেশন কাজের জন্য ৬ হাজার ৫২১ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে ১৩.৬৫ লক্ষ পরিবারের জন্য, যার মধ্যে আছে পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ (পিবিটিজি), এদের চিহ্নিত করা হয়েছে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান (পিএম-জনমান), ডিএ-জেজিইউএ (ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান)-এর অধীনে তপশিলি উপজাতি পরিবারগুলি, প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা (পিএম-এজেএওয়াই)-এর অধীনে তপশিলি জাতি পরিবার এবং ভাইব্র্যান্ট ভিলেজ প্রোগ্রাম (ভিভিপি)-এর অধীনে দুর্গম এবং সীমান্ত এলাকার পরিবারগুলি, যেখানে সম্ভব হবে। এর মধ্যে এখনও পর্যন্ত মোট ২.৯৩ লক্ষ পরিবারে বিদ্যুৎ পৌঁছেছে।
লোকসভায় লিখিত জবাবে এই তথ্য দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী শ্রীপাদ নায়েক।
