ওয়েব ডেস্ক; ১২ মে : আগামী সোমবার ১৩ মে রাজ্যে আটটি লোকসভা কেন্দ্রে, ১৫৫০৭ টি বুথে হতে চলেছে চতুর্থ দফা লোকসভা নির্বাচন। বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল , বোলপুর এবং বীরভূম কেন্দ্রে হতে চলেছে এই নির্বাচন। এই ১৫৫০৭টি বুথের মধ্যে ইতিমধ্যেই কমিশন ৩৬৪৭টি বুথকে ক্রিটিকাল বুথ বলে চিহ্নিত করেছে এবং ৩৩ হাজারেরও বেশি রাজ্য পুলিশ থাকতে চলেছে এই দফায় এমনটাই খবর কমিশন সূত্রে।
সূত্রের খবর, এই দফায় প্রায় ৬০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ৫৭৮ কোম্পানির মত কেন্দ্রীয় বাহিনীকে ভোটের কাজে ব্যবহার করতে চলেছে কমিশন। সূত্রের খবর, এই দফায় সবচেয়ে বেশি ক্রিটিকাল বুথ রয়েছে বোলপুরে তাই কমিশন বিশেষভাবে বোলপুর কেন্দ্রের দিকে নজর দিচ্ছে। বোলপুরে ১৯৭৯ টি বুথের মধ্যে ৬৫৯টি বুথ ইতিমধ্যেই ক্রিটিকাল বলে চিহ্নিত করেছে কমিশন। অন্যদিকে বহরমপুরে ১৮৭৯টির মধ্যে ৫৫৮টি, কৃষ্ণনগরে ১৮৪১ টি বুথের মধ্যে ৩৩৮ টি, রানাঘাটে ১৯৮৩ টি বুথের মধ্যে ৪১০ টি, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে ১৯৪২ টি বুথ যেখানে ৩০১টি বুথ রয়েছে ক্রিটিকাল বুথ হিসাবে। এছাড়া বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ২০৩৯ টি বুথের মধ্যে ৪২২টি বুথ, আসানসোল লোকসভা কেন্দ্রে ১৯০১ টি বুথের মধ্যে ৩১৯ টি, এবং ক্রিটিক্যাল বুথের ক্ষেত্রে দ্বিতীয় নম্বরে যে লোকসভা কেন্দ্রের নাম তা হল বীরভূম, সেখানে ১৯৪৩ টি বুথের মধ্যে ৬৪০ টি বুথ রয়েছে ক্রিটিক্যাল বুথ হিসাবে।