ওয়েব ডেস্ক; ৩ জানুয়ারি : কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী গিরিরাজ সিং ব্যারাকপুরে আইসিএআর – সিআরআইজেএফ পরিদর্শন করেন। সেখানে তিনি লাখপতি দিদি / এইচএসজি-দের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন। সাংবাদিকদের কেন্দ্রীয় মন্ত্রী বলেন, পাটের ব্যাগের দাম ক্যুইন্টাল প্রতি ১ লক্ষ ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লক্ষ টাকা করা হতে পারে। কারণ, সরকার এখন শুল্ক কমিশনের প্রস্তাবের ভিত্তিতে চট বস্তা বন্দির জন্য নতুন মূল্য নিরুপণ প্রক্রিয়া অনুমোদন করেছে। এতে চটকলগুলি উপকৃত হবে। এই উদ্যোগের ফলে মূলত পশ্চিমবঙ্গে পাট চাষের সঙ্গে যুক্ত ৪০ লক্ষ কৃষক পরিবার এবং ৪ লক্ষ চটকল কর্মীও উপকৃত হবেন।
চটকলগুলি চট শিল্পে আধুনিকীকরণ এবং বৈচিত্রকরণ আনতে বিনিয়োগ বাড়ানোয় উৎসাহিত করবে। আত্মনির্ভর ভারতের লক্ষ্য পূরণে দেশে পাট উৎপাদনে প্রসার ঘটবে। পাটজাত দ্রব্যের পুনর্নবীকরণের ক্ষেত্রও এতে প্রসারিত হবে।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, চলতি বছরে পাটজাত সামগ্রীর বিক্রি ১৪,০০০ কোটি টাকা ছাপিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
সরকারের রূপান্তরমূলক দৃষ্টিভঙ্গীর অঙ্গ হিসেবে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক নানা উদ্যোগ হাতে নিয়েছে, পরিকাঠামো, কারিগরি বস্ত্র, গবেষণা উন্নয়ন, স্টার্টআপ, কারিগর ও তন্তুবায়দের স্বশক্তিকরণ সহ রেশম এবং পাটের মতো প্রাকৃতিক তন্তুর ক্ষেত্রকেও শক্তিশালী করা এর উদ্দেশ্য। এই জাতীয় উদ্যোগের ফলে বিশ্ব বস্ত্রশিল্প ক্ষেত্রে ভারতের স্থান অনেক উপরে উঠে আসবে।
সিং সিআরআইজেএএফ ফাইবার মিউজিয়ামও পরিদর্শন করেন। তিনি একইসঙ্গে জৈব প্রযুক্তি পরীক্ষাগারটিও ঘুরে দেখেন। এছাড়াও তিনি ফ্ল্যাক্স স্কাচিং মেশিনের উদ্বোধন করেন। উন্নতমানের ফ্ল্যাক্স ফাইবার এক্সট্র্যাক্টরটিও পরীক্ষা করে দেখেন তিনি।
কেন্দ্রীয় মন্ত্রী পাট শিল্প সংস্থা ও অংশীদারদের মধ্যে একটি পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন। তিনি ১০ জন প্রগতিশীল কৃষক এবং লাখপতি দিদিকে সম্মান জানান।
