ওয়েব ডেস্ক; ২০ এপ্রিল : ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াজ এবং অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ এর প্রথম দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ফলকনামা বিশ্লেষণ করেছেন। এই পর্যায়ে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি , দার্জিলিং , কালিংপং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ,মালদা , মুর্শিদাবাদ , বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে আগামী ২৩শে এপ্রিল ভোট গ্রহণ হতে চলেছে।
এই জেলাগুলির ১৫২ টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৪৭৮ জন প্রার্থী যার মধ্যে ১৪৭৫ জন প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করেছে তারা।
হলফনামা অনুযায়ী ১৪৭৫ জন প্রার্থীর মধ্যে ৩৪৫ জন প্রার্থী নিজেদের বিরুদ্ধে থাকা অপরাধ মূলক মামলার কথা স্বীকার করেছেন। ২৯৪ জন প্রার্থী নিজেদের বিরুদ্ধে গুরুতর অপরাধমূলক মামলার কথা জানিয়েছেন। ১৯ জন প্রার্থী জানিয়েছেন তাদের বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা রয়েছে।
সম্পত্তি বিচার করলে ১৪৭৫ জন প্রার্থীর মধ্যে ৩০৯ জন প্রার্থী অর্থাৎ ২১ শতাংশ প্রার্থী কোটিপতি।
সেক্ষেত্রে যদি রাজনৈতিক দলগত ভাবে কোটিপতি প্রার্থীর কথা বলতে হয় তাহলে তাদের পরিসংখ্যান অনুযায়ী জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের বিশ্লেষিত ১৪৮ জন প্রার্থীর মধ্যে ১০৬ জন প্রার্থী, বিজেপির ১৫২ জন প্রার্থীর মধ্যে ৭১ জন প্রার্থী, জাতীয় কংগ্রেসের ১৫১ জন প্রার্থীর মধ্যে ৫০ জন এবং সিপিআইএম এর ৯৮ জন প্রার্থীর মধ্যে ২৪ জন প্রার্থী ঘোষণা করেছেন তাদের এক কোটি টাকার বেশি সম্পদ রয়েছে।
অর্থাৎ প্রথম দফায় প্রতিদ্বন্দ্বিতাকারী প্রত্যেক প্রার্থীর গড় সম্পদ ১.৩৪ কোটি টাকা।
প্রথম দফায় বিশ্লেষণকারী প্রার্থীদের মধ্যে শিক্ষাগত যোগ্যতা দেখলে ৭০৮ জন প্রার্থী তাদের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে বলে ঘোষণা করেছেন, যেখানে ৬৯৮ জন প্রার্থী স্নাতক বা তার বেশি শিক্ষিত, ২৬ জন প্রার্থী ডিপ্লোমাধারী, ২৯ জন প্রার্থী নিজেদেরকে কেবলমাত্র স্বাক্ষর জ্ঞানসম্পন্ন বলে উল্লেখ করেছেন এবং ১৪ জন প্রার্থী নিরক্ষর।
৪৫০ জন প্রার্থী তাদের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে, ৭৮১ জন প্রার্থী তাদের বয়স ৪১ থেকে ষাট বছরের মধ্যে, ২৪২ জন প্রার্থী ৬১ থেকে ৮০ বছরের মধ্যে এবং দুজন প্রার্থী আশি বছরের বেশি বয়স বলে ঘোষণা করেছেন।
প্রথম দফায় ১৬৭ জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
