ওয়েব ডেস্ক; ১৮ জুন : প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা (PM-VBRY)-এর সফল বাস্তবায়ন সুনিশ্চিত করতে, কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক আগামীকাল নয়াদিল্লির বিজ্ঞান ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে জাতীয় PM-VBRY অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। এই অনুষ্ঠান চলাকালীন, প্রধানমন্ত্রী ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) বা সরাসরি সুবিধা হস্তান্তর-এর মাধ্যমে সুবিধাভোগীদের প্রায় ২,৪০০ কোটি টাকা মূল্যের প্রোৎসান বিতরণ করবেন। এই অনুষ্ঠানকে উদযাপন করতে আগামীকাল কলকাতার সল্টলেকেও একযোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে পশ্চিমবঙ্গের শ্রমমন্ত্রী অর্জুন সিং উপস্থিত থাকবেন। প্রকৃতপক্ষে, পশ্চিমবঙ্গ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং সিকিমের বিভিন্ন স্থানে একযোগে আরও ১০টি এ বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যার মধ্যে রয়েছে পার্ক স্ট্রিট (কলকাতা), হাওড়া, ব্যারাকপুর, দুর্গাপুর, পোর্ট ব্লেয়ার (আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ), জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, বহরমপুর এবং গ্যাংটক (সিকিম)।

PM-VBRY-এর অধীনে এই প্রোৎসাহন সুবিধা বিতরণ ১৫ লক্ষেরও বেশি মানুষের অতিরিক্ত কর্মসংস্থানকে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। নিয়োগকর্তা ও সুবিধাভোগী কর্মচারী এবং অন্যান্য বিশিষ্ট অতিথি-সহ প্রায় ১,২০০ আমন্ত্রিত ব্যক্তি নয়াদিল্লির মূল অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিত্বকারী সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময়ও করবেন। অনুষ্ঠানটি দূরদর্শন সম্প্রচার করবে।

দেশব্যাপী জনসংযোগমূলক প্রচেষ্টার অংশ হিসাবে, দেশের ২০০টি স্থানে একযোগে আঞ্চলিক কর্মসূচিগুলির আয়োজন করা হচ্ছে। এই অনুষ্ঠানগুলিতে আনুমানিক ৬৫,০০০ থেকে ৭০,০০০ অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে, যার মধ্যে প্রায় ৯,০০০ নিয়োগকর্তা এবং প্রায় ৪৫,০০০ কর্মচারী রয়েছেন।

পশ্চিমবঙ্গে নিয়োগকর্তা/কর্মচারী/নিয়োগকর্তা সমিতি/ট্রেড ইউনিয়ন/বিশিষ্ট ব্যক্তিবর্গ/সরকারি আধিকারিকদের নিয়ে গঠিত আনুমানিক ৩৫০০ জন অংশগ্রহণকারী এই অনুষ্ঠানগুলিতে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত কলকাতা জোনের অন্তর্গত ৪৪,৬৭৯ জন প্রথমবার নিযুক্ত কর্মচারী (FT) আগামীকাল প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা (PM-VBRY)-এর পার্ট-এ (Part-A)-এর অধীন ১৭.৫২ কোটি টাকার দ্বিতীয় কিস্তি পাবেন। মোট ৩,৪৯৯ জন নিয়োগকর্তাও একই দিনে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা (PM-VBRY)-এর পার্ট-বি (Part-B)-এর অধীন ৬২.৮৯ কোটি টাকার দ্বিতীয় কিস্তি পাবেন।

প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা (PM-VBRY) ভারত সরকারের একটি অগ্রণী এমপ্লয়মেন্ট-লিঙ্কড ইনসেনটিভ (ELI) বা কর্মসংস্থান-সংযুক্ত প্রোৎসান প্রকল্প, যার লক্ষ্য আনুষ্ঠানিক কর্মসংস্থানকে উৎসাহিত করা, সংগঠিত শ্রমশক্তিতে প্রথমবার প্রবেশকারীদের সহায়তা করা এবং অতিরিক্ত কর্মসংস্থান সৃষ্টির জন্য নিয়োগকর্তাদের প্রণোদনা প্রদান করা। এই প্রকল্পের অধীন, যোগ্য প্রথমবার নিযুক্ত কর্মচারীরা ১৫,০০০ টাকা পর্যন্ত এক মাসের মজুরি পান, অন্যদিকে নিয়োগকর্তাদের অতিরিক্ত কর্মসংস্থান সৃষ্টির জন্য দুই বছরের সময়কালের জন্য উৎসাহমূলক সুবিধা প্রদান করা হয়। ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন ক্ষেত্র অতিরিক্ত আরও দুই বছরের জন্য বর্ধিত সহায়তার যোগ্য, যার ফলে, শ্রম-নিবিড় শিল্পগুলিতে সুস্থায়ী কর্মসংস্থান সৃষ্টি হতে চলেছে।

মোট ৯৯,৪৪৬ কোটি টাকার ব্যয়ে, PM-VBRY-এর লক্ষ্য দুই বছরের সময়কালে দেশজুড়ে ৩.৫ কোটিরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করা। এর মধ্যে প্রায় ১.৯২ কোটি সুবিধাভোগী আনুষ্ঠানিক শ্রমশক্তিতে প্রথমবার প্রবেশকারী হবেন বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পের অধীনে সুবিধাগুলি ২০২৫-এর ১ আগস্ট থেকে ২০২৭-এর ৩১ জুলাই -এর মধ্যে সৃষ্ট কর্মসংস্থানের ক্ষেত্রে প্রযোজ্য। এই প্রকল্পটি সামাজিক সুরক্ষার পরিধি প্রসারিত করতে, মানসম্পন্ন কর্মসংস্থানকে উন্নীত করতে এবং অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধির মাধ্যমে বিকশিত ভারতের রূপকল্পে অবদান রাখতে চায়।

আসন্ন সুবিধা বিতরণ PM-VBRY-এর বাস্তবায়নে আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য। দেশব্যাপী এই অনুষ্ঠানটি কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক সুরক্ষার পরিধি সম্প্রসারণের প্রতি সরকারের ধারাবাহিক প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। কর্মচারী এবং নিয়োগকর্তা উভয় পক্ষকে নিরবচ্ছিন্ন সহায়তা প্রদানের মাধ্যমে, PM-VBRY ভারতের কর্মসংস্থান কৌশলের একটি অন্যতম প্রধান স্তম্ভ এবং বিকশিত ভারতের রূপকল্পের দিকে একটি গুরুত্বপূর্ণ অবদানকারী হিসাবে আত্মপ্রকাশ করছে।