ওয়েব ডেস্ক; ২০ এপ্রিল : ভারতের নির্বাচন কমিশন ১৫ মার্চ, অসম, কেরল, পুডুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এবং ৬টি রাজ্যের উপ-নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছিল।

তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে (প্রথম পর্যায়) নির্বাচনের ভোটগ্রহণ ২৩ এপ্রিল, ২০২৬ (বৃহস্পতিবার) এবং পশ্চিমবঙ্গে (দ্বিতীয় পর্যায়)-এ ভোট গ্রহণ ২৯ এপ্রিল, ২০২৬ (বুধবার)। সবকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট গণনা ৪ মে, ২০২৬ (সোমবার)।

১৯৫১-র জনপ্রতিনিধিত্ব আইনের 135C ধারা অনুযায়ী কোনো নির্বাচন কেন্দ্রে নির্বাচন শেষ হওয়ার পূর্বে ৪৮ ঘণ্টার মধ্যে কোনও হোটেল, খাবার জায়গা, পান্থশালা, দোকান অথবা সরকারি, বেসরকারি অন্য কোনও জায়গায় মদ অথবা উত্তেজক পানীয় বা ওই ধরনের কোনও বস্তু বিক্রি করা যাবে না।

উপরোক্ত বিধিবদ্ধ সংস্থানের পরিপ্রেক্ষিতে বিধানসভা নির্বাচনে নির্বাচনী কেন্দ্রে ভোটের দিন ভোটগ্রহণ শেষ হওয়ার সময় থেকে পূর্বে ৪৮ ঘণ্টা সময়টিকে সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের যথোপযুক্ত আইন অনুযায়ী ‘ড্রাই ডে’ হিসেবে ঘোষণা এবং তৎসংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে হবে। এই সময়ের মধ্যেই পুনর্নির্বাচনের দিনটিও (যদি থাকে) অন্তর্ভুক্ত হবে।

কমিশন এও নির্দেশ দিয়েছে যে, ৪ মে, ২০২৬ (সোমবার) গণনার দিনটিকেও নির্বাচনমুখী রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংশ্লিষ্ট আইন অনুযায়ী ‘ড্রাই ডে’ হিসেবে ঘোষণা করতে হবে।

কোনো মদের দোকান, হোটেল, রেস্তোরাঁ, ক্লাব এবং অন্য যেসমস্ত প্রতিষ্ঠান মদ বিক্রি অথবা পরিবেশন করে থাকে, তারা ওইসব দিনগুলিতে কাউকে সে যেই হোক, মদ বিক্রি অথবা পরিবেশন করতে পারবে না।

অমালিকানাধীন ক্লাব, তারকাখচিত হোটেল, রেস্তোরাঁ ইত্যাদি এবং মদ রাখার ও সরবরাহ করার বিভিন্ন শ্রেণীর লাইসেন্সপ্রাপ্ত হোটেলগুলিকে ওই দিনগুলিতে মদ পরিবেশন করার অনুমতি দেওয়া যাবে না।

উপরোক্ত সময়ে কোনো ব্যক্তিবিশেষের মজুত মদের পরিমাণ কমাতে হবে এবং লাইসেন্স নেই এমন বাড়িতে মদ মজুত রাখা সংক্রান্ত আবগারি আইনের নির্দিষ্ট বিধিনিষেধ কঠোরভাবে প্রবর্তন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *