ওয়েব ডেস্ক; ১৫ মে : কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পবিত্র মূর্তিগুলি ফেরানোর বিষয়টি ভারতের সভ্যতার স্মৃতি পুনরুদ্ধার এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ফিরিয়ে দেওয়ার দাবি এবং তা সংরক্ষণের লক্ষ্যে সরকারের অদম্য দায়বদ্ধতার প্রতিফলন।
নতুন দিল্লির জনপথে ন্যাশনাল মিউজিয়ামে সাংবাদিক বৈঠকে মন্ত্রী স্মিথসোনিয়ান ন্যাশনাল মিউজিয়ামস অব এশিয়ান আর্ট থেকে তিনটি ঐতিহাসিক ব্রোঞ্জের মূর্তি ফেরানোর ঘটনাকে ভারতের চুরি হওয়া জাতীয় সম্পদ ফিরিয়ে আনার চলতি প্রয়াসকে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন। বলেছেন এটি বিশ্বজুড়ে প্রাচীন মূর্তি ফিরিয়ে আনার প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে।
ফিরিয়ে আনা ব্রোঞ্জের মূর্তিগুলির মধ্যে আছে ৯৯০ খ্রীস্টপূর্বাব্দের চোল সাম্রাজ্যের সময়ের শিব নটরাজ, দ্বাদশ শতাব্দীর সোমস্কন্দ (শিব এবং উমা) এবং একটি ষোড়শ শতাব্দীর বিজয়নগর আমলের পারাভাইয়ের সঙ্গে সন্ত সুন্দরের ভাস্কর্য। এই পবিত্র মন্দিরের ব্রোঞ্জ মূর্তিগুলি তামিলনাড়ুর, সেগুলি অবৈধভাবে বিংশ শতাব্দীর মধ্যভাগে ভারত থেকে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে বিদেশে সেগুলি স্থান পায়।
মন্ত্রী উল্লেখ করেন যে, এই মূর্তিগুলি শুধুমাত্র শিল্পদ্রব্য নয়, বরং এগুলি ভারতের আধ্যাত্মিক ঐতিহ্য, ঐতিহাসিক পরম্পরা এবং সভ্যতার স্মৃতির প্রতিরূপ। তিনি বলেন, বহু দশক ধরে বেআইনি মূর্তি পাচারের ফলে ভারত তার একাধিক অমূল্য সাংস্কৃতিক সম্পদ থেকে বঞ্চিত হয়েছে।
ভারতের প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ, লেখ্যাগারে রাখা নথি, ক্ষেত্র সমীক্ষা এবং ১৯৫০/১৯৬০-এর ঐতিহাসিক মন্দিরের ছবি দেখে বিস্তারিত গবেষণা করে বুঝতে পারেন যে এই শিল্পকর্মগুলি প্রকৃতপক্ষে তামিলনাড়ুর মন্দিরের। এর পরেই সংস্কৃতি মন্ত্রক স্মিথসোনিয়ান ইন্সটিটিউট এবং মার্কিন যুক্তরাষ্ট্রস্থিত ভারতীয় দূতাবাসের সমন্বিত আলাপ-আলোচনার ভিত্তিতে এগুলি ফেরানোর ব্যবস্থা হয়।
সোমস্কন্দ এবং পারাভাইয়ের সঙ্গে সন্তসুন্দররের ব্রোঞ্জের মূর্তি নতুন দিল্লিতে পৌঁছেছে ১২ মে, ২০২৬। শিব নটরাজ মূর্তিটি আসার কথা “দি আর্ট অফ নোয়িং ইন সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া অ্যান্ড দ্য হিমালয়াজ” প্রদর্শনীতে প্রদর্শনের জন্য।
সৌহার্দ্যের পরিচয় হিসেবে এবং দায়িত্বপূর্ণ মিউজিয়াম সংক্রান্ত কার্যাবলিতে সাহায্য করতে ভারত সরকার ২০২৫-২০২৮ শিব নটরাজ ভাস্কর্যটি ৩ বছরের ঋণ হিসেবে দিতে রাজি হয়েছে যাতে সারা বিশ্বের দর্শক এই মূর্তির ঐতিহাসিক যাত্রাটি বুঝতে পারেন।
মন্ত্রী এও জানান যে, ২০১৪ থেকে ভারত বিভিন্ন দেশ থেকে ৬৬৬টি এমন প্রাচীন মূর্তি ফেরাতে সফল হয়েছে। তার মধ্যে ৬৫৩টিই শুধুমাত্র ২০১৪য়। এটা সম্ভব হয়েছে সংস্কৃতি মন্ত্রক, প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ, বিদেশে থাকা দূতাবাস এবং প্রবর্তন সংস্থাগুলির নেতৃত্বে লাগাতার কূটনৈতিক আইনি এবং প্রাতিষ্ঠানিক প্রয়াসের মাধ্যমে।
তিনি আরও বলেন যে, সম্প্রতি ভারতের ৬৫৭টি শিল্পকর্ম মার্কিন যুক্তরাষ্ট্রস্থিত ভারতের দূতাবাসের হাতে তুলে দিয়েছে মার্কিন আইন প্রবর্তন সংস্থাগুলি। এখন সেগুলি পরিবহণের এবং প্রত্নতত্ত্ব সর্বেক্ষণের বিশেষজ্ঞদের যাচাইয়ের অপেক্ষায়।
