ওয়েব ডেস্ক; ২৭ ফেব্রুয়ারি : ভারত ও ইজরায়েলের মধ্যে অবাধ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার প্রথম পর্ব নতুন দিল্লিতে শেষ হয়েছে। ২৩-২৬ ফেব্রুয়ারি এই বৈঠকের শেষে টার্মস অফ রেফারেন্স স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইজরায়েলে দু’দিনের রাষ্ট্রীয় সফরের সময়কালে এটি স্বাক্ষরিত হল। মোদী ২৫ ফেব্রুয়ারি জেরুজালেমের নেসেট-এ পূর্ণাঙ্গ অধিবেশনে উচ্চাকাঙ্ক্ষী এই চুক্তি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
২৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল ইজরায়েলি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতে ব্যবসা-বাণিজ্য, উদ্ভাবন ও উন্নয়ন ক্ষেত্রে নতুন নতুন সম্ভাবনা খুঁজে পাওয়ার ওপর গুরুত্ব দেন। ২০২৪-২৫ অর্থবর্ষে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্যের পরিমাণ ছিল ৩৬২ কোটি মার্কিন ডলার। উভয় পক্ষই যন্ত্রপাতি, রাসায়নিক সামগ্রী, বস্ত্রশিল্প, কৃষি, চিকিৎসার কাজে ব্যবহৃত সরঞ্জাম এবং উন্নত প্রযুক্তি ক্ষেত্রে নতুন নতুন সুযোগ চিহ্নিত করে সেগুলি কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন। এভাবেই দুটি দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে।
