ওয়েব ডেস্ক; ৪ এপ্রিল : নির্বাচন কমিশন নির্বাচন উৎসবকে বর্ণনা করছে ‘চুনাও কা পর্ব, দেশ কা গর্ব’ হিসেবে। সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিশিপেশন (এসভিইইপি)-ও ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে খ্যাতনামা ও প্রভাবশালী ব্যক্তিদের ব্যবহার করছে। এর জন্য একটি ছোট চলচ্চিত্র তৈরি করা হয়েছে। এর নাম ‘মাই ভোট, মাই ডিউটি’। এই ছোট চলচ্চিত্রে নির্বাচন কমিশনের মডেল নামী ক্রিকেটার সচিন তেন্ডুলকারের সঙ্গে অভিনেতা অমিতাভ বচ্চন, আর মাধবন, বোমান ইরানী, আরশাদ ওয়ারশী, সানিয়া মালহোত্রা, ভিকি কৌশাল, মোনা সিং, ভূমি পেডনেকর এবং রবিনা ট্যান্ডন প্রথমবারের ভোটদাতাদের নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে উৎসাহিত করছেন।

এই ছোট চলচ্চিত্রের সঙ্গেই উত্তর কলকাতার জেলা নির্বাচন কার্যালয় ভোটদাতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে আর কে লক্ষ্ণণের ‘কমন ম্যান’-এর মতো বিখ্যাত সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘টেনিদা’ (ভজহরি মুখার্জী)-কে ব্যবহার করছে। ভোটারদের সচেতন করার উদ্দেশ্যে টেনিদাকে করা হয়েছে ম্যাসকট। রেল কর্তৃপক্ষও ভোটদাতা সচেতনতা অভিযানে ব্যবহার করছে এই চরিত্রটিকে।

উল্লেখ্য, বাস্তবের ‘টেনিদা’ থাকতেন কলকাতা উত্তর সংসদীয় ক্ষেত্রের অন্তর্গত ২০ নম্বর পটলডাঙা স্ট্রিটে।

জেলা উত্তর কলকাতার ম্যাসকট ‘টেনিদা’-কে বলতে শোনা যাচ্ছে- বুলেটের থেকে শক্তিশালী ব্যালট/ প্রতিটি ভোট মূল্যবান/ ভোটদানের মতো আর কিছু নেই/ আমি নিশ্চিত ভোট দেব প্রভৃতি।

১ জুন ভোটদাতাদের ভোটদান নিশ্চিত করতে টেনিদার এই ভিডিও ফুটেজ এখন দেখানো হচ্ছে মেট্রো রেলের ব্লু এবং গ্রিন লাইনের প্রতিটি স্টেশনের প্ল্যাটফর্মের পাশাপাশি উত্তর কলকাতার সার্কুলার রেল সহ পূর্ব রেলের শিয়ালদা এবং কলকাতা রেল স্টেশনে।