ওয়েব ডেস্ক; ৭ জুলাই : চলতি বছরে ব্রিকস – এর সভাপতিত্বের অঙ্গ হিসেবে ভারত কেরালার কোচিতে ৮-৯ জুলাই মহিলাদের উন্নয়ন নিয়ে ব্রিকস-এর মন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করবে। ব্রিকস সদস্য দেশগুলির মন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানরা পারস্পরিক সহযোগিতা জোরদার করতে, নারী ক্ষমতায়ন এগিয়ে নিতে এবং অন্তর্ভুক্তিমূলক, স্থিতিস্থাপক ও সুস্থিত উন্নয়নের প্রতি যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে এই বৈঠকে মিলিত হবেন।
ভারতের ব্রিকস সভাপতিত্ব চারটি মূল স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত: স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং সুস্থিতি। ব্রিকস মহিলা বিষয়ক কার্যক্রমের কাঠামোটি এমনভাবে সাজানো হয়েছে যাতে এই প্রতিটি ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়ন ত্বরান্বিত করা যায়।
মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে ৬-৭ জুলাই ব্রিকস-এর মহিলা বিষয়ক কর্মীগোষ্ঠীর বৈঠক অনুষ্ঠিত হবে। পদস্থ আধিকারিকরা ব্রিকস মহিলা বিষয়ক কার্যক্রমের অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।
মন্ত্রী পর্যায়ের এই বৈঠক মহিলা নেতৃত্বকে উৎসাহদান, অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণ, ডিজিটাল ও আর্থিক অন্তর্ভুক্তি জোরদার, উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু কার্যক্রম, খাদ্য নিরাপত্তা ও পুষ্টির ক্ষেত্রে মহিলাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে উচ্চ-পর্যায়ের আলোচনার একটি মঞ্চ হিসেবে কাজ করবে। এই আলোচনাগুলিতে সহযোগিতা বৃদ্ধি এবং লিঙ্গসাম্যের পথে অগ্রগতি ত্বরান্বিত করার ক্ষেত্রে ব্রিকস সদস্য দেশগুলির যৌথ আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে।
মন্ত্রী পর্যায়ের বৈঠকের পাশাপাশি বিভিন্ন প্রদর্শনীরও আয়োজন করা হবে। সেখানে গ্রামীণ উন্নয়ন, স্টেম, পুষ্টি ও শিক্ষা-সহ নানা ক্ষেত্রে মহিলা নেতৃত্বাধীন উন্নয়নে ভারতের সাফল্যগুলি তুলে ধরা হবে। একটি পূর্ণাঙ্গ অধিবেশন এবং বিশিষ্ট বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট ক্ষেত্রের পেশাজীবীদের অংশগ্রহণে বিষয়ভিত্তিক প্যানেল আলোচনারও আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *