ওয়েব ডেস্ক; ১০ নভেম্বর : ‘বিকশিত ভারত-এর জন্য নেশামুক্ত যুবা ১০০ সপ্তাহের সংকল্প অভিযান’-এর আওতায় মাই ভারত-এন এস এস দেশের ১৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ‘দীপাবলি স্নেহ মিলন’ কর্মসূচির আয়োজন করে। এই কর্মসূচিতে মোট ১,০৭,৪৯৪ জন অংশগ্রহণ করেন। দ্বিতীয় মাসের সমাপ্তি পর্বে অভিযানের অষ্টম সাপ্তাহিক কর্মসূচি উপলক্ষে যুবসমাজ, পরিবার এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে সমবেত অনুষ্ঠান, সাংস্কৃতিক কার্যকলাপ, সম্মিলিত শপথ গ্রহণ এবং স্বেচ্ছাসেবামূলক কাজের মধ্য দিয়ে মাদকাসক্তিমুক্ত দীপাবলি উদ্যাপনের বার্তা ছড়িয়ে দেন।
এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল, মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধের বার্তাকে শিক্ষা প্রতিষ্ঠানের গণ্ডি পেরিয়ে প্রতিটি পরিবার ও পাড়ায় পৌঁছে দেওয়া। পাশাপাশি, সুস্থ জীবনযাপন ও দায়িত্বশীলভাবে উৎসব উদ্যাপনের পরিবেশ গড়ে তুলতে পরিবার এবং সমাজের সকলকে সম্মিলিত দায়িত্ব গ্রহণে উৎসাহিত করা। ছুটির পর বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
‘নেশামুক্ত দীপোৎসব’ কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছাসেবক, প্রবীণ নাগরিক এবং শিশুরা মাটির প্রদীপ প্রজ্বলন করেন। এটি ছিল মাদকাসক্তির অন্ধকারের বিরুদ্ধে আলোর জয়ের প্রতীক। দীপোৎসব ও স্নেহ মিলন—এই দুই কর্মসূচিতে সম্মিলিতভাবে ৪১,৬০০-এরও বেশি মানুষ অংশগ্রহণ করেন। উৎসবের আনন্দকে কাজে লাগিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে সামাজিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।
অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আঞ্চলিক ভাষায় পথনাটিকা, আলপনা অঙ্কন এবং নেশামুক্তির বার্তাবাহী সংগীত পরিবেশনের আয়োজন করা হয়। এই সাংস্কৃতিক কর্মসূচিগুলিতে ২৪,১০০-এরও বেশি মানুষ অংশগ্রহণ করেন। ঐতিহ্যবাহী ও সৃজনশীল সাংস্কৃতিক মাধ্যমকে কাজে লাগিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধ এবং সুস্থ জীবনযাপনের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়।
এই সমাবেশগুলির অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল সম্মিলিতভাবে ‘নেশামুক্ত দীপাবলি সংকল্প’ গ্রহণ। প্রায় ২৫,০০০ ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যরা নেশাজাতীয় দ্রব্য থেকে সম্পূর্ণ দূরে থেকে দীপাবলি উদ্যাপনের অঙ্গীকার করেন।
এনএসএস-এর মূলমন্ত্র ‘আমি নয়, তুমি’-র আদর্শ অনুসরণ করে স্বেচ্ছাসেবকরা উৎসব উদ্যাপনের পাশাপাশি সমাজসেবামূলক কাজেও অংশগ্রহণ করেন। সেবা কর্মসূচির আওতায় ১৬,৭০০-এরও বেশি স্বেচ্ছাসেবক বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম, হাসপাতাল এবং বস্তি এলাকায় গিয়ে মাটির প্রদীপ ও মিষ্টি বিতরণ করেন।
অভিযানের বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে যুব স্বেচ্ছাসেবকরা ডিজিটাল মাধ্যমকেও কাজে লাগান। #NashaMuktYuva হ্যাশট্যাগ ব্যবহার করে মাদকাসক্তিমুক্ত দীপাবলি উদ্যাপনের বার্তা দেশজুড়ে ছড়িয়ে দিতে পথনাটিকার বিশেষ ভিডিও-সহ ১,১০০-এরও বেশি সোশ্যাল মিডিয়া পোস্ট ও রিল ইনস্টাগ্রামে আপলোড করা হয়।
