ওয়েব ডেস্ক; ১১ জুলাই: সীমান্ত নিরাপত্তা বাহিনীর জওয়ানরা মালদা জেলার সীমান্ত এলাকায় নিরাপত্তার সঙ্গে সহযোগিতার মনোভাব দেখিয়ে প্রসব পীড়িত মহিলাকে হাসপাতালে নিয়ে যান ।

গত ১০ জুলাই সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের অধীন সীমা চৌকি অনুরাধাপুর, অ্যাডহক এসবি VI ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার খবর পান যে তিলাসান গ্রামের এক মহিলা আদোরি হালদার প্রসব ব্যাথায় ভুগছে এবং তার নিকটাত্মীয়দের একটি গাড়ির প্রয়োজন। এরপর কোম্পানি কমান্ডার দেরি না করে বিএসএফ অ্যাম্বুলেন্সসহ নার্সিং সহকারীকে ওই মহিলার বাড়িতে পাঠান। সেখান থেকে প্রসব পীড়িত মহিলাকে পরিবারের সদস্যসহ বুলবুলচন্ডী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে ভর্তি করেন। মহিলার অবস্থা এখন ভালো বলে জানা গেছে।

বিএসএফের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ওই মহিলার স্বজনরা

বর্ডার সিকিউরিটি ফোর্সের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে মহিলার স্বজনরা বলেন, বিএসএফ সব সময় অসহায় মানুষকে সাহায্য করে।

অ্যাডহক এসবি VI ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বলেন, ঝড়-ঝঞ্ঝা, দিন- রাত সীমান্ত নিরাপত্তা বাহিনীর জওয়ানরা সর্বদা আন্তর্জাতিক সীমান্তে তাদের দায়িত্ব পালন করে। পাশাপাশি সীমান্তে বসবাসকারী মানুষদের সাহায্য করতে তারা সদা প্রস্তুত। যার কারণে সীমান্তরক্ষী বাহিনী ও সীমান্তবাসীর মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা সবসময় বজায় থাকে।