ওয়েব ডেস্ক; ১১ জুলাই: মেজর জেনারেল বিবেক ত্যাগী জাতীয় সমর শিক্ষার্থী বাহিনী-এনসিসি-ডিরেক্টরেটের পশ্চিমবঙ্গ ও সিকিম শাখার অতিরিক্ত মহানির্দেশক-এডিজি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি মেজর জেনারেল ইউ এস সেনগুপ্তের স্থলাভিষিক্ত হলেন। এই উপলক্ষে ৬ ই জুলাই কলকাতায় নিউ আলিপুরে এনসিসি ডিরেক্টরেটের সদর দফতরে দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেজর জেনারেল বিবেক ত্যাগীর ইনফ্রান্টি অফিসার হিসেবে প্রচুর অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে। কর্মজীবনে তাঁর বহু গুরুত্বপূর্ণ অভিযান সংক্রান্ত বিষয়ে জ্ঞান রয়েছে এবং বিভিন্ন জায়গায় কাজ করেছেন। তিনি একাধিক গুরুত্বপূর্ণ সন্ত্রাস দমন অভিযানে যুক্ত ছিলেন। নিয়ন্ত্রণ রেখায় ও উঁচু পাহাড়ি এলাকার মতো প্রতিকূল পরিস্থিতিতে কাজ করেছেন। মেজর জেনারেল ত্যাগী ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি এবং ইনফ্রান্টি স্কুলের গুরুত্বপূর্ণ দায়িত্বভার সামলেছেন।
এডিজি হিসেবে তাঁর এই নিয়োগ তরুণ ক্যাডারদের বিকাশের মাধ্যমে দেশ গঠনে অবদান রাখার লক্ষ্যে অগ্রসর হওয়ার জন্য এনসিসির প্রতিশ্রুতিকে আরো জোরদার করে তুলবে।
কলকাতায় এনসিসি ডিরেক্টরেট পশ্চিমবঙ্গ ও সিকিমের যুবদের পথনির্দেশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুবদের মধ্যে শৃঙ্খলা, দেশপ্রেম এবং সামাজিক দায়িত্ববোধ জাগিয়ে তোলে। মেজর জেনারেল বিবেক ত্যাগীর নেতৃত্বে এনসিসি ক্যাডেটদের মধ্যে ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তোলা, চরিত্রের বিকাশ এবং দেশসেবার প্রতি চেতনা জাগ্রত করার প্রয়াস আরো জোরদার হবে।
