কলকাতা,২৮ আগস্ট: কলকাতার ‘দ্য লাইট হাউস ফর দ্য ব্লাইন্ড’-এ শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক রাখীবন্ধন উৎসব। অনুষ্ঠানে বিদ্যালয়ের দৃষ্টিহীন ছাত্রছাত্রী ও শারদীয়ার স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।

দৃষ্টিহীন বোনেরা ভাইদের হাতে রাখী পরানোর পাশাপাশি শারদীয়ার মহিলা সদস্যদের সঙ্গেও রাখীবন্ধনের আনন্দ ভাগ করে নেন। বিদ্যালয়ের ছাত্রীরাও শারদীয়ার সদস্যদের হাতে রাখী বেঁধে শুভেচ্ছা জানান।

শারদীয়ার প্রতিষ্ঠাতা সৌমন কুমার সাহা বলেন, “১৫ বছর আগে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে শারদীয়ার যাত্রা শুরু হয়েছিল। আজও সেই দায়বদ্ধতা নিয়েই আমরা কাজ করে চলেছি। এই শিশুদের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”

তিনি জানান, আসন্ন দুর্গাপূজার আগে ‘শারদীয়ার আনন্দধারা’ উদ্যোগের মাধ্যমে সারা বাংলায় ২,০০০-এরও বেশি মানুষের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।

উল্লেখ্য, শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট সারা বছর বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত এবং বর্তমানে পশ্চিমবঙ্গের ২৫টিরও বেশি বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রমের সঙ্গে কাজ করে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *