ওয়েব ডেস্ক; ২৪ জুলাই : অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) জান্তর মন্তরে নিট-ইউজি (NEET-UG) সহ বিভিন্ন শিক্ষা-সংক্রান্ত বিষয় নিয়ে আয়োজিত বিক্ষোভ চলাকালীন সৃষ্ট পরিস্থিতি অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মনে করে।
এবিভিপি স্পষ্টভাবে জানাতে চায় যে, নিট-ইউজি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে সংগঠন শুরু থেকেই শিক্ষার্থীদের পাশে রয়েছে। পরীক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে সর্বপ্রথম কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে তদন্তের দাবি, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র সদর দপ্তরের সামনে বিক্ষোভ এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিও এবিভিপিই তুলেছিল। ২০২৪ সাল থেকে আজ পর্যন্ত এবিভিপি এই বিষয়ে ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের স্বার্থে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাই এবিভিপি ভারত সরকারের কাছে দাবি জানাচ্ছে যে, প্রতিযোগিতামূলক পরীক্ষার পবিত্রতা, স্বচ্ছতা এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারের বিভিন্ন দিক পর্যালোচনার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হোক, যা পরীক্ষা ব্যবস্থাকে আরও বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তুলতে সময়বদ্ধ সুপারিশ পেশ করবে।
এবিভিপির মতে, শিক্ষার্থীদের স্বাভাবিক সমস্যা ও ন্যায্য দাবিকে কোনও সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ, দেশবিরোধী এজেন্ডা কিংবা দেশে অস্থিরতা, সংঘাত ও অরাজকতার পরিবেশ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়। এ ধরনের অপচেষ্টা তথাকথিত ‘ডিপ স্টেট’-এর মতো ভারতবিরোধী শক্তিকে পরোক্ষভাবে উৎসাহিত করে, যারা দীর্ঘদিন ধরে ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীলতা, অখণ্ডতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যকে দুর্বল করার সুযোগ খুঁজে চলেছে। ভারতের ছাত্রসমাজ যথেষ্ট সচেতন, দেশপ্রেমে উদ্বুদ্ধ এবং গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। তাই তারা কোনও রাজনৈতিক বিভ্রান্তি, বাহ্যিক প্রভাব বা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের হাতিয়ার হবে না। এবিভিপি শিক্ষার্থী, যুবসমাজ, অভিভাবক, শিক্ষক, শিক্ষাবিদ এবং সমাজের সকল অংশীজনের কাছে আবেদন জানাচ্ছে যে, শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে রাজনৈতিক প্ররোচনা থেকে দূরে রেখে শান্তিপূর্ণ, ইতিবাচক ও গণতান্ত্রিক পরিবেশে সমাধানের জন্য সক্রিয় ভূমিকা পালন করুন এবং কোনও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের শিকার হবেন না।
এবিভিপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ড. বীরেন্দ্র সিং সোলাঙ্কি বলেন,”নিট-ইউজি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীর উদ্বেগ বাড়িয়েছে। এই ন্যায্য বিষয়গুলিতে এবিভিপি শুরু থেকেই শিক্ষার্থীদের পাশে রয়েছে। শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার প্রতিটি প্রচেষ্টা ছাত্রস্বার্থের পরিপন্থী। ছাত্রশক্তিকে কোনও রাজনৈতিক এজেন্ডা বা ভারতের ঐক্য, অখণ্ডতা ও সামাজিক সম্প্রীতির বিরুদ্ধে কাজ করা শক্তির স্বার্থে ব্যবহার করতে দেওয়া যাবে না। এ ধরনের অপচেষ্টা ‘ডিপ স্টেট’-এর মতো ভারতবিরোধী তন্ত্রকেও পরোক্ষভাবে শক্তিশালী করে। শিক্ষার্থীদের ন্যায্য দাবির সমাধান শুধুমাত্র গঠনমূলক সংলাপ, সংবেদনশীলতা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমেই সম্ভব। তাই প্রতিযোগিতামূলক পরীক্ষার পবিত্রতা, স্বচ্ছতা ও প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারের সামগ্রিক পর্যালোচনার জন্য ভারত সরকারের কাছে আমরা একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের দাবি জানাই, যাতে পরীক্ষা ব্যবস্থা আরও বিশ্বাসযোগ্য ও জবাবদিহিমূলক হয়ে ওঠে।”
