ওয়েব ডেস্ক; ২৮ জানুয়ারি : ২০২৫-এর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রয়াগরাজের মহাকুম্ভ নগরে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এক ডিজিটাল প্রদর্শনীতে বিপুল সংখ্যক মানুষ ভিড় করেন। ভক্তবৃন্দ এবং সাধারণ মানুষ এই প্রদর্শনীর উচ্চ প্রশংসা করেন। তাঁদের কাছে তা উপকারী ও শিক্ষণীয় বলে মনে হয়। প্রদর্শনীর ডিজিটাল সেলফি পয়েন্টের প্রতি মহিলা ও শিশুদের আগ্রহ লক্ষ্য করা যায়। এখানে দর্শকরা সমুদ্র মন্থনের প্রতীকি মূর্তির প্রশংসা করেন এবং সেখানে দাঁড়িয়ে তাঁদের সেলফি তোলেন।

মহাকুম্ভ মেলায় আগত ভক্তবৃন্দ এবং সাধারণ মানুষের জন্য ত্রিবেণী রোডের প্যারেড গ্রাউন্ডে ১৩-২৬ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রক এই ডিজিটাল প্রদর্শনীর আয়োজন করেছে। বিগত ১০ বছরে সরকারি বিভিন্ন নীতি, জনকল্যাণ প্রকল্প এবং সরকারি সাফল্যকে এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে।

এই প্রদর্শনী শিবিরে বহু সংখ্যক দর্শক জাতীয় বিপর্যয় ব্যবস্থাপন কর্তৃপক্ষ, প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্প সহ কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের নানা তথ্য জানতে পারেন। তাঁরা প্রকাশনা বিভাগের স্টল থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।

উল্লেখযোগ্য হল এই প্রদর্শনীর মাধ্যমে সাধারণ মানুষকে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, ড্রোন দিদি, ওয়েভস, প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্প, মুদ্রা যোজনা, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, ডিজিটাল ভারত, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বিদ্যাঞ্জলী, আত্মনির্ভর ভারত, স্কিল ইন্ডিয়া, এক ভারত শ্রেষ্ঠ ভারত, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, হর ঘর জল যোজনা, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, স্বচ্ছ ভারত মিশন, প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা, ভারতে তিনটি নতুন ফৌজদারি দণ্ডবিধি, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি এবং মহিলাদের ক্ষমতায়ণের বিষয় সহ অন্য বিভিন্ন প্রকল্প সম্পর্কে ওয়াকিবহাল করা হচ্ছে।