ওয়েব ডেস্ক; ২ মে : এক বর্ণময় যোগাসনের সাক্ষী হয়ে রইল ‘মুক্তোর শহর’ হায়দরাবাদ। ২০২৬-এর আন্তর্জাতিক যোগ দিবসের ৫০ দিনের কাউন্টডাউনের সূচনা উপলক্ষে আয়োজিত ‘যোগ মহোৎসব’-এ সমবেত হয়েছিলেন হাজার হাজার যোগ-অনুরাগী।
আয়ুষ মন্ত্রকের অধীন ‘মোরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগা’-র উদ্যোগে এই যোগচর্চার আয়োজন করা হয়েছিল আধ্যাত্মিক কেন্দ্র ‘কানহা শান্তি বনম’-এ।
কানহা শান্তি বনমে ৬,০০০-এরও বেশি মানুষ সমবেতভাবে ভুজঙ্গাসনে অংশ নিয়ে এক ঐতিহাসিক রেকর্ড স্থাপন করেছেন। সমবেত যোগাসনের এই আয়োজন ‘এশিয়া বুক অফ রেকর্ডস’-এ জায়গা করে নিয়েছে, যা একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কয়লা ও খনি বিষয়ক মন্ত্রী জি কিষাণ রেড্ডি।
সমবেত জনতার উদ্দেশে রেড্ডি বলেন, “যোগ শুধুমাত্র ভারতের প্রাচীন ঐতিহ্যই নয়, বরং মানবজাতির প্রতি এক অমূল্য উপহার। বর্তমানে বিশ্বজুড়ে মানুষ যোগচর্চার মাধ্যমে উপকৃত হচ্ছেন।”
আয়ুষ মন্ত্রকের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদব বলেন, “প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে যোগব্যায়াম সামগ্রিক সুস্থতার লক্ষ্যে একটি বৈশ্বিক আন্দোলনে পরিণত হয়েছে, যা শারীরিক সুস্বাস্থ্য, মানসিক স্বচ্ছতা এবং মানসিক ভারসাম্যকে উৎসাহিত করে।”
২১ জুন পর্যন্ত বিনামূল্যে ১০০ দিনের জন্য একটি যোগ প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে, যার লক্ষ্য হল, এক লক্ষেরও বেশি মানুষের অংশগ্রহণ সুনিশ্চিত করা।
মন্ত্রী ঘোষণা করেন যে, আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬-এর ২৫ দিনের কাউন্টডাউনের সূচনা উপলক্ষে পরবর্তী ‘যোগ মহোৎসব’ অনুষ্ঠিত হবে মধ্যপ্রদেশের খাজুরাহোতে, যা ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য, স্থাপত্যশৈলী এবং সুস্থ জীবনধারার ঐতিহ্যের এক অপূর্ব সঙ্গমকে তুলে ধরবে।
এই ‘যোগ মহোৎসব’-এর অন্যতম প্রধান আকর্ষণ ছিল কমন যোগা প্রোটোকল (সিওয়াইপি)-এর সম্মিলিত অনুশীলন বা গণ-প্রদর্শন।
আগামী ২১ জুন পালিত হতে যাওয়া আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬-এর প্রস্তুতিপর্বে দেশজুড়ে আয়োজিত কর্মসূচির ইতিহাসে এই অনুষ্ঠানটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
কাজাখস্তান, লেসোথো, বুলগেরিয়া, কিউবা, নামিবিয়া, যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া সহ ২০টিরও বেশি দেশের দূতাবাস, কনস্যুলেট এবং আন্তর্জাতিক সংস্থার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রতিনিধিরা এই ৫০-দিনের এই কাউন্টডাউন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
