আগামী ১৭এপ্রিল রাজ্যের পঞ্চম দফায় ছয় জেলায় ৪৫ টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে। ইতিমধ্যেই রাজ্যের চারটি দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের বক্তব্য কয়েকটি অপ্রীতিকর ঘটনা ছাড়া প্রতি দফা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। তাই আগামী দফা গুলিতে কোনভাবেই নির্বাচন কমিশন ফাঁকফোকর রাখতে প্রস্তুত নয়।

নির্বাচন কমিশন সূত্রে খবর কেন্দ্রীয় বাহিনীকে ঢেলে সাজানো হচ্ছে আগামী দফার নির্বাচনে। সূত্র মারফত জানা গেছে পঞ্চম দফায় মোট ১০৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। যার মধ্যে ৮৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে শুধুমাত্র ভোটের কাজে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে বারাসাত পুলিশ ডিষ্ট্রিকে ৬৯ ,ব্যারাকপুর পিসি ৬১ , বসিরহাট পিডি ১০৭, বিধান নগর পিসি ৪৬ , দার্জিলিং ৬৮, জলপাইগুড়ি ১২২, কালিম্পং ২১ ,কৃষ্ণনগর পিডি ১১,পূর্ব বর্ধমান ১৫৫, রানাঘাট পিডি ১৪০, শিলিগুড়ির ৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরিকল্পনা রয়েছে।

কমিশন সূত্রে এও জানা গেছে পঞ্চম দফায় ৭৯০৪ টি জায়গায় মোট বুথের সংখ্যা ১৫৭৮৯ টি। সেক্টর অফিসের সংখ্যা ৬৯০ টি। প্রতিটি সেক্টরে অফিসে একজন এসআই কিংবা একজন এ এস আই পদমর্যাদার পুলিশ এবং তার সঙ্গে চারজন কনস্টেবল থাকবেন।