কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন সংসদে কেন্দ্রীয় বাজেট ২০২২-২৩ পেশ করার সময় ব্লকচেইন এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল মুদ্রা চালু করার প্রস্তাব দিয়েছেন। ২০২২-২৩ সাল থেকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই মুদ্রা জারি করবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি (সিবিডিসি) ডিজিটাল অর্থনীতিতে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি বলেন, “ডিজিটাল মুদ্রা আরও দক্ষ এবং সাশ্রয়ী মূল্যের মুদ্রা ব্যবস্থাপনা পরিচালনার দিকে পরিচালিত করবে।” তিনি দেশে বিনিয়োগ ও ঋণের পরিমাণ বৃদ্ধিতে একাধিক উদ্যোগের প্রস্তাব দেন।
শ্রীমতী সীতারমন জানিয়েছেন, পরিবেশবান্ধব পরিকাঠামো গড়ে তুলতে সম্পদ সংস্থানের জন্য সার্বভৌম গ্রীণ বন্ড জারি করা হবে। ডেটা সেন্টার এবং এনার্জি স্টোরেজ ব্যবস্থাকে পরিকাঠামো ক্ষেত্রের মর্যাদা দেওয়া হবে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী ভেঞ্চার ক্যাপিটাল এবং প্রাইভেট ইক্যুইটি বিনিয়োগ ত্বরান্বিত করার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, ভেঞ্চার ক্যাপিটাল এবং প্রাইভেট ইক্যুইটির মাধ্যমে গত বছর ৫.৫ লক্ষ কোটি টাকার বেশি নিয়োগ হয়েছে। তিনি জানান, এই বিনিয়োগের ফলে স্টার্টআপ এবং উন্নয়ন ইকো ব্যবস্থাপনা সহজতর হয়েছে।
শ্রীমতী সীতারমন জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন রোধে কার্যকরী পদক্ষেপ, ডিজিটাল অর্থনীতি, ওষুধ নির্মাণ শিল্প, কৃষি প্রযুক্তির মতো উদীয়মান ক্ষেত্রের জন্য সহায়তাদানের বিষয়টি গুরুত্বপূর্ণ। তাই সরকার এক্ষেত্রে মিশ্র অর্থনীতির জন্য বিষয়ভিত্তিক তহবিলে উৎসাহ যোগাবে। এখানে সরকারের অংশীদারিত্ব ২০ শতাংশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, পরিকাঠামো গত ক্ষেত্রে আর্থিক যোগানের জন্য বহুস্তরীয় সংস্থাগুলির প্রযুক্তিগত সহায়তা সহ পিপিপি প্রকল্পগুলির আর্থিক কার্যকারিতা বিষয়ে প্রচারের জন্য পদক্ষেপ নেওয়া হবে। তিনি জানান, সরকার বিনিয়োগকে ত্বরান্বিত করার জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে।
