ডিজিটাল ; ১৩ মার্চ: আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে চলতি বছরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গ্রামোন্নয়ন দপ্তর আইকনিক সপ্তাহ উদযাপন করছে। এরই অঙ্গ হিসাবে গত ৭ই মার্চ থেকে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা (ডিডিইউ-জিকেওয়াই) – এর আওতায় মহিলা-কেন্দ্রিক পাঠক্রমের জন্য ১৭৪ টিরও বেশি ভ্রাম্যমাণ শিবিরের আয়োজন করেছে। এর নাম দেওয়া হয়েছে ‘অবসর কি আজাদি’। রাজ্য গ্রামীণ জীবন জীবিকা মিশন, রাজ্য দক্ষতা মিশন এবং প্রকল্প রূপায়ণকারী সংস্থার মাধ্যমে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সহকারী বিউটি থেরাপিস্ট, নিজের কর্মসংস্থানের জন্য দর্জির প্রশিক্ষণ সহ বিভিন্ন পাঠক্রমে ভর্তির জন্য সারা দেশে আয়োজিত এই ধরনের বিভিন্ন শিবিরের মাধ্যমে ৪ হাজার ২৮১ জনেরও বেশি মহিলা প্রার্থী সফলভাবে নাম নথিভুক্ত করেছেন। ডিডিইউ-জিকেওয়াই কর্মসূচির আওতায় প্রশিক্ষিত মোট প্রার্থীদের এক-তৃতীয়াংশই মহিলা। এছাড়াও, ১৫-৩৫ বছর বয়সী গ্রামীণ গরিব যুবার প্রশিক্ষণের জন্য এই কর্মসূচি চালু করা হয়েছে। মহিলাদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা রাখা হয়েছে ৪৫ বছর। উল্লেখ্য, ২০১৪ সালের ২৫শে সেপ্টেম্বর এই ডিডিইউ-জিকেওয়াই প্রকল্পের সূচনা করা হয়। ২৭টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে এই কর্মসূচি রূপায়িত হয়েছে। চলতি বছরের ৩১শে জানুয়ারি পর্যন্ত প্রায় ১১ লক্ষ ৪৪ হাজার যুবক যুবতীকে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং ৭ লক্ষ ১৫ হাজার যুবক যুবতী কাজ পেয়েছেন।
সূত্র: পি আই বি