ডিজিটাল; ৭ আগস্ট: ভারতনেট প্রকল্পের মাধ্যমে দেশের যে সব গ্রাম পঞ্চায়েত ইন্টারনেট পরিষেবার আওতাধীন ছিল না, সেখানে পর্যায়ক্রমে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে তপশিলি জাতি ও উপজাতি অধ্যুষিত গ্রামও রয়েছে। ২৭ জুলাই পর্যন্ত প্রাপ্ত হিসাব অনুযায়ী, ১,৭৮,০৪৪টি গ্রাম পঞ্চায়েতে ভারতনেট প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। ইউনিভার্সাল সার্ভিস অবলিগেশন ফান্ডের অর্থানুকূল্যে উত্তর-পূর্বাঞ্চল, উগ্র বামপন্থা অধ্যুষিত অঞ্চল এবং দ্বীপভূমিতে এই পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই তহবিল থেকে ইতোমধ্যে ৪,৩৩০টি মোবাইল টাওয়ার বসানো হয়েছে।

যেসব গ্রাম এখনও ফোর-জি মোবাইল পরিষেবার আওতায় আসেনি, সেখানে ২৬,৩১৬ কোটি টাকা ব্যয়ে সংশ্লিষ্ট পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ২৭ জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের প্রত্যন্ত ও দুর্গম ২৪,৬৮০টি গ্রামে ফোর-জি মোবাইল পরিষেবা পৌঁছে দেওয়া হবে। এছাড়াও, টু-জি বা থ্রি-জি পরিষেবার আওতায় থাকা ৬,২৭৯টি গ্রামে মোবাইল পরিষেবাকে ফোর-জি পরিষেবায় উন্নীত করা হবে।

লোকসভায় সম্প্রতি এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন যোগাযোগ প্রতিমন্ত্রী দেবুসিং চৌহান।