শুভাবরি ওয়েব ডেস্ক, ১৬ ডিসেম্বর, কলকাতা:
আজ জামায়াতে ইসলামী হিন্দ এর ৭৫ বছর পূর্তি উপলক্ষে সংগঠনের পশ্চিমবঙ্গ শাখা এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপসভাপতি মোঃ সেলিম ইঞ্জিনিয়ার।

সাংবাদিক সম্মেলনে মোঃ সেলিম ইঞ্জিনিয়ার বলেন, ১৯৪৮ সালের ১৬ এপ্রিল এই সংগঠন প্রতিষ্ঠিত হয় সমাজে শান্তি ও সুবিচার প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়ে। তিনি বলেন, এটি তখনই সম্ভব হয় যখন মানুষ স্রষ্টার উপরে বিশ্বাস স্থাপন করে এবং তারা আনুগত্য এবং উপাসনা করে কর্ম জগতে সদা তৎপর থাকে।

জামায়াতে ইসলামে হিন্দ মূল্যবোধ ভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে। তাই দারিদ্র দূরীকরণ, শিক্ষায় পশ্চাদপদতা দূরীকরণ, মানবসৃষ্ট এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জাতি ধর্ম নির্বিশেষে সাহায্য দেওয়ার জন্য ‘ভিশন ২০১৬’ এবং তারপর ‘ভিশন ২০২৬’ নামে সমাজ উন্নয়ন কর্মসূচিতে সহযোগিতা দিয়ে চলেছে। বিনা সুদের ব্যাংকিং প্রতিষ্ঠার জন্য সংগঠন চেষ্টা করে যাচ্ছে এবং জনমত তৈরি করেছে।

সুদৃঢ় ছাত্র সমাজ তৈরীর লক্ষ্যে ১৯৮২ সাল থেকে সারাদেশব্যাপী এক শক্তিশালী ছাত্র সংগঠন ‘এস আই ও’ তৈরি করা হয়েছে। একইভাবে রাজ্যস্তরে যুব সংগঠন এবং ‘গার্লস ইসলামিক অর্গানাইজেশন’ প্রতিষ্ঠা করে যুবক যুবতী এবং ছাত্রীদের মধ্যে চরিত্র নির্মাণ ও নৈতিক মূল্যবোধের প্রশিক্ষণ দিয়ে চলেছে।

তিনি আরো বলেন, আমাদের এই সংগঠন কোন রাজনৈতিক দলকে সমর্থনও করেনা, কোন দলকে ঘৃণাও করে না। সংগঠনের পশ্চিমবঙ্গ শাখা আগামী ২২ শে জানুয়ারি মহিলা কংগ্রেসের আয়োজন করেছে। সেখানে আশা করা যায় পঞ্চাশ হাজারের মত মহিলা যোগদান করবেন। এছাড়া যুবকদের জন্য ইয়ুথ কনভেনশন আয়োজন করা হয়েছে ১২ ফেব্রুয়ারি, এছাড়া ১৭ ডিসেম্বর থেকে সর্বস্তরের মানুষের সাথে জনসংযোগ স্থাপন করার কর্মসূচি আয়োজন করা হয়েছে।
সাংবাদিক সম্মেলনে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তরে একটি কথা স্পষ্ট করে দিয়েছেন, যেহেতু এটি সামাজিক এবং ধর্মীয় সংগঠন তাই কোন রাজনৈতিক দলের সাথে এর কোন সম্পর্ক বা বিরোধিতা নেই। তবে তিনি মন্তব্য করেন যে দেশ জুড়ে এখন জাত ধর্ম নিয়ে বিভাজনের রাজনীতি চলছে। তাই সকলের জন্য বিচার এবং ভ্রাতৃত্ববোধ অত্যন্ত জরুরী।

সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন সম্পাদক ডঃ মশিউর রহমান, পশ্চিমবঙ্গের সভাপতি আব্দুর রফিক প্রমূখ।