ওয়েব ডেস্ক; ২৪ মার্চ : নির্বাচনের প্রক্রিয়ায় যেকোনোভাবেই টাকা পয়সার কোন জায়গা নেই সেই বিষয়ে আগে থেকে নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে। এবং সেই মতন নির্বাচন ঘোষণার বহু আগে থেকেই এই বিষয়ে তৎপর নজর রেখেছিল নির্বাচন কমিশন। গত পয়লা মার্চ থেকে ২৩ শে মার্চ পর্যন্ত এখনো পর্যন্ত রাজ্যে নগদ ৫,০২,২০,৮০৮/- টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে বেআইনি মদ বাজেয়াপ্ত করা হয়েছে যার আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি টাকারও বেশি। নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই প্রভাবিত না হয় তার জন্য বেশ কঠোর ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী ২৩ মার্চ পর্যন্ত রাজ্যে ২৩৫০৬ টি লাইসেন্স যুক্ত বন্দুক জমা করা হয়েছে। রাজ্যে সব মিলিয়ে ৫২,১৫৭ টি লাইসেন্স যুক্ত বন্দুক রয়েছে। ইন্টারস্টেট নাকা চলছে ৯১ টি এবং ইন্ট্রা স্টেট নাকা চলছে ছয়শটির মতন। এমসিসির দিক থেকে দেখতে গেলে এখনো পর্যন্ত রাজ্যে ২ লক্ষ ৭৬ হাজার ৮৩২টি সমস্যার সমাধান করা হয়েছে।

এছাড়াও কমিশন পূর্ব মেদিনীপুরের জন্য জয়সী দাশগুপ্ত (আইএএস), ঝাড়গ্রামের জন্য মৌমিতা গোদারা বসু (আইএএস), পূর্ব বর্ধমানের জন্য কে রাধিকা আইয়ার (আইএএস) এবং বীরভূমের জন্য শশাঙ্ক শেটি কে নতুন জেলাশাসক হিসেবে নিযুক্ত করেছে।