শুভাবরি ওয়েবডেস্ক,19মে,কলকাতা:     দেশে গত ২৪ ঘন্টায় ২ হাজার ৩৫০ জন কোভিড আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর ফলে, এখনও পর্যন্ত ৩৯ হাজার ১৭৪ জন রোগী সুস্থ হয়েছেন। দেশে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৩৮.৭৩ শতাংশ ধীরে ধীরে সুস্থতার হার বাড়ছে। ভারতে নিশ্চিতভাবে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৮০২ জন। এরা সকলেই চিকিৎসাধীন রয়েছেন। নিশ্চিতভাবে করোনায় আক্রান্তদের মধ্যে ২.৯ শতাংশ আইসিইউ-তে আছেন। প্রতি লক্ষে মৃত্যু হারের দিক থেকে ভারতে প্রতি লক্ষে মৃত্যুর ঘটনা প্রায় ০.২। অন্যদিকে, সামগ্রিকভাবে সারা বিশ্বে প্রতি লক্ষ জনসংখ্যায় মৃত্যু হার প্রায় ৪.১ শতাংশ।

দেশে গতকাল রেকর্ড ১ লক্ষ ৮ হাজার ২৩৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৪ লক্ষ ২৫ হাজার ৭৪২টি। গত জানুয়ারি মাসে দেশে কোভিড-১৯ নমুনা পরীক্ষাগারের সংখ্যা ১টি থেকে দ্রুত বেড়ে সরকারি পরীক্ষাগারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৫ এবং বেসরকারি পরীক্ষাগারের সংখ্যা ১৫৮।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক কোভিড-১৯ সংক্রান্ত নমুনা পরীক্ষার নীতি-নির্দেশিকা সংশোধন করেছে। আগের শর্তাবলীগুলির সঙ্গে আরও কিছু অতিরিক্ত বিষয় সংযোজন করে নমুনা পরীক্ষার কৌশল সম্প্রসারিত করা হয়েছে। সংশোধিত নমুনা পরীক্ষার নীতি অনুযায়ী, কোভিড-১৯ চিকিৎসা পরিষেবায় অগ্রভাগে থাকা কর্মীদের সামিল করা হয়েছে। এছাড়াও, হাসপাতালে ভর্তি সমস্ত রোগী এবং ফিরে আসা প্রবাসী শ্রমিকদের উপসর্গ দেখা দিলেই ৭ দিনের মধ্যে নমুনা পরীক্ষার কথা বলা হয়েছে। জারি করা এই সংশোধিত নীতি-নির্দেশিকায় কর্মক্ষেত্রে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। মন্ত্রকের পক্ষ থেকে কোভিড-১৯ মহামারীর প্রেক্ষিতে দন্ত চিকিৎসকদের জন্যও নির্দেশ জারি করা হয়েছে। বলা হয়েছে, দন্ত চিকিৎসক, তাঁদের ব্যবহৃত চিকিৎসা উপকরণ, এমনকি রোগীদের মধ্য থেকেও সংক্রমণ ছড়ানোর ঝুঁকির ব্যাপক সম্ভাবনা রয়েছে।

সূত্র: পি আই বি