
ওয়েবডেস্ক, ১জুলাই ২০২০, কলকাতাঃ
দেশে কোভিড-১৯ মহামারীর মোকাবিলায় কেন্দ্র এবং বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সমন্বিতভাবে নানা উদ্যোগ গ্রহণ করায় তার সুফল পাওয়া যাচ্ছে।
চিকিৎসাধীন সংক্রমিতদের থেকে এক লক্ষ ৩০ হাজারের কাছাকাছি ౼১,২৭,৮৬৪ জন বেশী সুস্থ হয়ে উঠেছেন।
কোভিড সংক্রমিতদের সুস্থ হয়ে ওঠার হার ৫৯.৪৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় ১৩,১৫৭জন সুস্থ হয়েছেন। দেশে মোট ৩,৪৭,৯৭৮ জন সুস্থ হয়েছেন। বর্তমানে ২,২০,১১৪জন কোভিড-১৯এ সংক্রমিত রোগী চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
নমুনা পরীক্ষা করার জন্য দেশে পরীক্ষাগারের সংখ্যা বৃদ্ধি করার উদ্যোগ অব্যাহত। সরকারী পরীক্ষাগার ৭৬৪টি ও বেসরকারি পরীক্ষাগার ২৯২টি ౼অর্থাৎ মোট ১০৫৬টি পরীক্ষাগার এই মুহূর্তে দেশের নানা প্রান্তে রয়েছে। এর মধ্যে ৩৬৫টি সরকারী ও ২১১টি বেসরকারী পরীক্ষাগারে (মোট ৫৭৬টি) রিয়েল টাইম পিসিআরের মাধ্যমে, ৩৬৭টি সরকারি ও ২৭টি বেসরকারী পরীক্ষাগারে (মোট ৩৯৪টি) ট্রুন্যাটের মাধ্যমে এবং ৩২টি সরকারি ও ৫৪টি বেসরকারী পরীক্ষাগারে (মোট ৮৬টি) সিবিন্যাটের মাধ্যমে নমুনা পরীক্ষা করা হচ্ছে।
গত ২৪ ঘন্টায় ২,১৭,৯৩১টি নমুনা পরীক্ষা হয়েছে, যার পরিমাণ দৈনিক হিসেবে সর্বোচ্চ। এ পর্যন্ত দেশে মোট ৮৮,২৬,৫৮৫টি নমুনার পরীক্ষা হয়েছে।
সুত্রঃ পি আই বি
