ওয়েব ডেস্ক; কলকাতা, ১২ নভেম্বর : পার্ক স্ট্রিটের শতাব্দী প্রাচীন অক্সফোর্ড বুকস্টোরে আয়োজিত এপিজে বাংলা সাহিত্য উৎসব তার ১০ম বর্ষে পা রেখেছে। উৎসবের দশম বর্ষের উদযাপন অনুষ্ঠানের সূচনা হবে ১৫ নভেম্বর অক্সফোর্ড বুকস্টোরে। তিন দিন ব্যাপী ভারতের এই প্রথম ও বৃহত্তম বাংলা সাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে ১৫, ১৬, ১৭ নভেম্বর, যেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে সাহিত্য এবং সংস্কৃতি জগতের বরেণ্য ব্যক্তিত্বরা একত্রিত হবেন।

উৎসবের গৌরবময় ১০ম বার্ষিকী উদযাপনের কথা ঘোষণা করে উৎসব পরিচালক এবং অক্সফোর্ড বুকস্টোরস–এর সিইও স্বাগত সেনগুপ্ত বলেন, ‘এপিজে বাংলা সাহিত্য উৎসবে সাহিত্যিক উৎকর্ষের স্বর্ণোজ্জ্বল এক দশক উদযাপন করতে পেরে আমরা গর্বিত। এবারের ১০ম বার্ষিকীর উৎসবে থাকছে বাছাই করা মোট ১৪টি অধিবেশন যেখানে বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা হবে। যেমন থাকছে শিশু সাহিত্য থেকে রাজনীতি, সিনেমা, কবিতা, খেলাধুলো এবং বাংলা সাহিত্যের বিশিষ্ট ব্যক্তিত্বদের শতবার্ষিকী উদযাপন। আমাদের দর্শক-শ্রোতাদের যে অবিরাম সমর্থন আমরা পেয়েছি গত নয় বছর ধরে সেজন্য তাঁদের কাছে আমরা কৃতজ্ঞ। বাংলা ভাষা ও সংস্কৃতির উন্নতি করা ও এই ভাষাকে আরও শক্তিশালী করার জন্য আমাদের প্রয়াসে তাঁরা সহযোগিতা করেছেন। উৎসবের জনপ্রিয়তা এবং বিশ্বব্যাপী বাংলা সাহিত্য প্রেমীদের কথা মাথায় রেখে, ১৫, ১৬ এবং ১৭ ই নভেম্বর সাহিত্য উৎসবের সমস্ত অধিবেশন ফেসবুক এবং ইউটিউবে সরাসরি লাইভ সম্প্রচারিত হবে ।‘
অক্সফোর্ড বুকস্টোরে ২০১৫ সালে যাত্রা শুরু করে ভারতের প্রথম বাংলা সাহিত্য উৎসব। এই উৎসব বাংলা ভাষা ও সাহিত্যকে দৃশ্যমান আলোচনার মধ্য দিয়ে উদযাপন করে। দশম বর্ষে এই উৎসবে লেখক, কবি, পরিচালক, নাট্যকার, অভিনেতা, সাংবাদিক, আমলা, গবেষক, শিক্ষাবিদ, সঙ্গীতজ্ঞ, সাহিত্য পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্বসহ সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা অংশগ্রহণ করবেন। এই উৎসবে বাংলার নতুন প্রজন্মের লেখকদের পাশাপাশি বিশ্বসাহিত্যের বিভিন্ন কণ্ঠস্বরকেও তুলে ধরা হবে।

এপিজে বাংলা সাহিত্য উৎসবের দশম বর্ষের এই তিন দিন ব্যাপী সাহিত্য উৎসবে থাকবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুবোধ সরকার, প্রচেত গুপ্ত, অঞ্জন দত্ত, অনুপম রায়, শতাব্দি রায়, আলাপন বন্দ্যোপাধ্যায়, ভগীরথ মিশ্র, অভীক মজুমদার, সুধাংশু দে, তপন বন্দ্যোপাধ্যায়, গৌতম ভট্টাচার্য, ডঃ স্বাতী গুহ, অলোকপ্রসাদ চট্টোপাধ্যায়, সঞ্জয় মুখোপাধ্যায়, শিলাদিত্য সেন, কিরণ দত্ত, দীপান্বিতা রায়, রূপক সাহা, সব্যসাচী সরকার, তপন বন্দ্যোপাধ্যায়, অণিমা ব্রহ্ম, সিজার বাগচী, হিন্দোল ভট্টাচার্য এবং শ্যামলী আচার্য সহ অন্যরা।

এপিজে বাংলা সাহিত্য উৎসবের দশম বার্ষিক কর্মসূচির জলযোগ সহযোগী হিসাবে থাকবে কে. সি. দাস, সপ্তপদী এবং চা বার। অন্যদিকে অধিবেশন সহযোগী হিসাবে থাকবে শব্দবাজি, সুরজিৎ-ও -বন্ধুরা, কবিতা ক্লাব, কাউন্টার কালচার এবং দীপাঞ্জন ঘোষ এন্টারটেনমেন্ট।