ওয়েবডেস্ক, ১২ জুলাই,২০২০, কলকাতা:

ভারতে কোভিড-১৯ মোকাবিলায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গত ১২ই মে ২০ লক্ষ কোটি টাকার এক বিশেষ আর্থিক ও সুসংবদ্ধ প্যাকেজের কথা ঘোষণা করেন। প্যাকেজের এই পরিমাণ ভারতের জিডিপি-র প্রায় ১০ শতাংশ। শ্রী মোদী এই প্যাকেজ ঘোষণা করে আত্মনির্ভর ভারত গড়ে তোলার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছিলেন। আত্মনির্ভর ভারত গড়ে তোলার জন্য তিনি পাঁচটি স্তম্ভের কথা উল্লেখ করেন। এগুলি হল – অর্থনীতি, পরিকাঠামো, সার্বিক ব্যবস্থা, প্রাণবন্ত জনসংখ্যার বৈশিষ্ট্য এবং চাহিদা।

প্রধানমন্ত্রীর এই আহ্বানের প্রেক্ষিতে কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন গত ১৩-১৭ই মে একগুচ্ছ সাংবাদিক সম্মেলনে আত্মনির্ভর প্যাকেজের বিস্তারিত খতিয়ান প্রকাশ করেন।

কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রক অবিলম্বে আত্মনির্ভর ভারত অভিযানের আওতায় ঘোষিত আর্থিক প্যাকেজ রূপায়ণের কাজ শুরু করে। অর্থমন্ত্রী ব্যক্তিগতভাবে নিয়মিত এই প্যাকেজের রূপায়ণের ওপর পর্যালোচনা ও নজরদারি করেছেন।

অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় সরকার ২০২০-২১ সালে রাজ্যগুলির ঋণ গ্রহণ ক্ষমতা বর্তমান ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশের বিষয়টি মেনে নিয়েছে। তবে, বর্তমান অপ্রত্যাশিত পরিস্থিতির প্রেক্ষিতেই কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। ঋণ গ্রহণ ক্ষমতা বৃদ্ধির ফলে রাজ্যগুলির অতিরিক্ত ৪ লক্ষ ২৮ হাজার কোটি টাকার সংস্থান হবে। লকডাউনের দরুণ রাজস্ব ক্ষতির ক্ষেত্রে রাজ্য সরকারগুলির বর্তমান দুরাবস্থা দূর করতে অর্থ সহায়তার অঙ্গ হিসেবে কেন্দ্রীয় ব্যয়বরাদ্দ দপ্তরের পক্ষ থেকে সমস্ত রাজ্য সরকারকে এক চিঠিতে বলা হয়েছে, ২০২০-২১ অর্থবর্ষে সমস্ত রাজ্য সরকার অতিরিক্ত ২ শতাংশ ঋণ গ্রহণ করতে পারবে।

পি আই বি