ওয়েব ডেস্ক; ২ জানুয়ারি : অন্যান্য বছরের মতো এবছরও মাননীয়া মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবং তথ্য ও সংস্কৃতি বিভাগের ব্যবস্থাপনায় ‘বাংলা সঙ্গীতমেলা-২০২৪-২৫’ কলকাতার ১১টি মঞ্চে ২ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি ২০২৫ পর্যন্ত আয়োজিত হলো । মঞ্চগুলি হল-রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, মহাজাতি সদন, হেদুয়া পার্ক, মধুসূদন মুক্তমঞ্চ, একতারা মুক্তমঞ্চ, দেশপ্রিয় পার্ক, ঋষি অরবিন্দ পার্ক (নেতাজী নগর), মোহরকুঞ্জ. রাজ্য সঙ্গীত আকাদেমি মুক্তমঞ্চ এবং রবীন্দ্রসদন প্রাঙ্গণ।
প্রতিদিন বিকাল ৫টা থেকে শুরু হবে বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের সঙ্গীতমেলায় কলকাতার ১১টি মঞ্চে প্রায় পাঁচ হাজারেরও বেশি সঙ্গীতশিল্পী/সঞ্চালক/যন্ত্রশিল্পী অংশগ্রহণ করবেন। এই সঙ্গীতমেলায় কলকাতা ছাড়াও বিভিন্ন জেলার শিল্পীরা অংশগ্রহণ করবেন। পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতা ও কর্মশালায় অংশগ্রহণকারী প্রতিভাবান নবীন শিল্পীরাও এই মেলায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। বিভিন্ন মঞ্চে থাকবে বাংলা ব্যান্ডের গানও।
অন্যান্য বছরের মতো এবছর ‘শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি-উৎপলা সেন, সুচিত্রা মিত্র, ছবি বন্দ্যোপাধ্যায় ও কণিকা বন্দ্যোপাধ্যায়’ শীর্ষক একটি প্রদর্শনী গগনেন্দ্র শিল্প-প্রদর্শশালায় ২ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত এই প্রদর্শনী খোলা থাকবে।
রবীন্দ্রসদন-নন্দন প্রাঙ্গণে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার হস্তশিল্পী ও কারিগররা তাঁদের রকমারি হস্তশিল্প ও রকমারি পিঠে-পুলি ও খাবারের পসরা নিয়ে এই মেলায় হাজির থাকবে। এছাড়া থাকবে তথ্য ও সংস্কৃতি বিভাগের বিভিন্ন আকাদেমির প্রকাশিত বইয়ের স্টল।
