ওয়েব ডেস্ক; ২৪ জুন : চীনের কিংদাও – এ ২৫ ও ২৬ জুন সাংহাই সহযোগিতা সংগঠন (এসসিও) – এ প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে উচ্চ পর্যায়ের ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এসসিও সদস্য রাষ্ট্রগুলির প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি- সুরক্ষা, সন্ত্রাস প্রতিরোধ সহ নানা বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষার আরও বৃহত্তর লক্ষ্য অর্জনে ভারতীয় দৃষ্টিভঙ্গী তুলে ধরার পাশাপাশি এসসিও-র নীতি ও প্রস্তাবগুলির প্রতি ভারতের দায়বদ্ধতার দিকটিকেও তুলে ধরা হবে। এ’ছাড়াও সন্ত্রাস ও উগ্রপন্থা দমনে সম্মিলিত প্রয়াস সহ এসসিও-ভুক্ত দেশগুলির মধ্যে বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং সংযোগ সম্পর্ক আরও প্রসারের ওপরও গুরুত্ব দেওয়া হবে। বৈঠকের পাশাপাশি চীন, রাশিয়া সহ অংশগ্রহণকারী দেশগুলির প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রতিরক্ষা মন্ত্রী।
বহুপাক্ষিকতা, রাজনৈতিক বিষয়, নিরাপত্তা, অর্থনৈতিক এবং এসসিও-ভুক্ত দেশগুলির মধ্যে নাগরিকদের যোগাযোগ সম্পর্ক গড়ে তোলার উপর ভারত এই বৈঠকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এসসিও-ভুক্ত দেশগুলির মধ্যে সার্বভৌমত্ব, আঞ্চলিক সংহতি সহ কোনও দেশের অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, পারস্পরিক সম্মান এবং সদস্য দেশগুলির মধ্যে সমতা ও বোঝাপড়ার নীতিকে এসসিও বিশেষ প্রাধান্য দিয়ে থাকে।
২০০১ সালে আন্তঃ সরকারি সংগঠন হিসেবে এসসিও প্রতিষ্ঠিত হয়। ২০১৭ সালে ভারত তার পূর্ণ সদস্য হয়। এরপর, ২০২৩ সালে এসসিও-র পৌরোহিত্য করে ভারত। এসসিও সদস্য দেশগুলির মধ্যে রয়েছে – ভারত সহ কাজাখস্তান, চীন, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজাখস্তান, উজবেকিস্তান, ইরান এবং বেলারুশ। ২০২৫ সালে এসসিও-র পৌরোহিত্য করেছে চীন।`সাংহাই ভাবধারাকে তুলে ধরা : এসসিও এগিয়ে চলেছে’ -এটাই এ’বছরের বৈঠকের থিম।
