দেবাঞ্জন দাস,ওয়েবডেস্ক,২৩ অক্টোবর, কলকাতা:

এমনিতেই করোনা আবহে দুর্গাপুজো নিয়ে একটা টানাপোড়েন ছিল বাঙালির মনে। তার উপর মহামান্য হাইকোর্টের রায়ে দর্শক শূন্য প্যান্ডেলে পালিত হচ্ছে দুর্গাপুজো। মহাষ্টমীর অঞ্জলি কিভাবে দেবেন তার নিয়ম নিয়েও সবার মনে রয়েছে সংশয়।
এই প্রসঙ্গে দক্ষিণ কলকাতার কুঁদঘাটের “প্রগতি সংঘ” ক্লাবের উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন এলাকাবাসী। তাদের ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে যেহেতু এই বছর ভার্চুয়াল প্রতিমা দর্শনে জোর দেওয়া হচ্ছে, তাই বয়স্করা মহাষ্টমীর অঞ্জলি দিতে পারবেন ভার্চুয়ালি, বাড়িতে বসেই। এছাড়া নির্দিষ্ট দূরত্ব বিধি মেনে ক্লাব প্রাঙ্গণে অঞ্জলীর ব্যবস্থাও করা হয়েছে । প্রবীণ নাগরিকরা ফেসবুকের লাইভে মা দূর্গাকে অঞ্জলি দিতে পারবেন এবং সেই অঞ্জলির ফুল সরাসরি চলে যাবে মায়ের পায়ে। ক্লাবের পক্ষ থেকে এও জানানো হয়েছে যারা বাড়িতে বসেই ভার্চুয়ালি অঞ্জলি দেবেন তারা ক্লাব সদস্যদের যে কোন কাউকে ফোন করলেই তারা পৌঁছে যাবেন তার বাড়িতে এবং সেই ফুল সংগ্রহ করে নিয়ে সরাসরি অর্পণ করে দেবেন মা দুর্গার পায়ে।
প্রবীণ নাগরিকদের জন্য এই অভিনব উদ্যোগকে স্বাগত জানাচ্ছে পূর্ব পুটিয়ারির মানুষজন।