ওয়েব ডেস্ক; কলকাতা, ২২ জুলাই : শীর্ষস্থানীয় গ্লোবাল সাইবার সিকিউরিটি সংস্থা ট্রেন্ড মাইক্রো ভারতে তাদের ওয়ার্ল্ড ট্যুরের কলকাতা পর্ব সফলভাবে শেষ করল। দেশের চার শহরব্যাপী হওয়া এই সফরের কলকাতা পর্বে, ৪৫টিরও বেশি সংস্থা থেকে ৯০-র বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন। এ বছরের থিম ‘Proactive Security Begins Here’-এ প্রতিক্রিয়াশীল প্রতিরক্ষা থেকে দূরদর্শী, এআই-চালিত নিরাপত্তা কৌশলের দিকে যাওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।
শারদা টিক্কু, ভারত ও SAARC অঞ্চলের কান্ট্রি ম্যানেজার, ট্রেন্ড মাইক্রো তাঁর কী-নোট ভাষণে তুলে ধরেন, কীভাবে সাইবার আক্রমণকারীরা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে আরও দ্রুতগতিতে হামলা চালাচ্ছে—যেখানে আগে যেটা করতে কয়েক সপ্তাহ লাগত, এখন তা কয়েক ঘণ্টার মধ্যেই ঘটছে। তবে তিনি এটাও জানান যে, প্রতিরক্ষামূলক AI-ও সমান দ্রুতগতিতে এগোচ্ছে, যার ফলে এখন রিয়েল-টাইম শনাক্তকরণ, স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া এবং আগাম ঝুঁকি মোকাবিলার সুযোগ তৈরি হয়েছে। তিনি Agentic AI-কে একটি যুগান্তকারী প্রযুক্তি বলে আখ্যায়িত করে বলেন, যেখানে একাধিক বুদ্ধিমত্তাসম্পন্ন এজেন্ট একসঙ্গে কাজ করে আগাম ও সমন্বিত সাইবার সুরক্ষা প্রদান করে।
এই পুরো ব্যবস্থার কেন্দ্রে রয়েছে ট্রেন্ড মাইক্রো-র AI-চালিত প্ল্যাটফর্ম Trend Vision One™, যা ইন্ডাস্ট্রির প্রথম সাইবার সিকিউরিটি LLM Trend Cybertron-এর সঙ্গে একীভূত। এর মাধ্যমে পাওয়া যায় পূর্বাভাসমূলক বিশ্লেষণ, ঝুঁকি মূল্যায়ন এবং স্বয়ংক্রিয় সমাধানের সুবিধা। AI যেখানে নিরাপত্তা পরিচালনা কেন্দ্র (SOC)-এর কাজকেই রূপান্তর করছে, সেখানে শারদা টিক্কু জোর দিয়ে বলেন—মানব পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান এখনও অত্যন্ত জরুরি।
ট্রেন্ড মাইক্রো-র সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী, ম্যালওয়্যার শনাক্তকরণের ক্ষেত্রে ভারত বিশ্বে তৃতীয় এবং এশিয়ায় দ্বিতীয় স্থানে রয়েছে। বিশ্বব্যাপী মোট সাইবার অপরাধের ৪.৭৪% এসেছে ভারত থেকে, যেখানে প্রায় ১.৯৩ কোটি ম্যালওয়্যার ঝুঁকি শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে ব্যাংকিং, ফিনান্সিয়াল সার্ভিসেস এবং সরকারি ক্ষেত্র—যা দেখাচ্ছে, গুরুত্বপূর্ণ পরিকাঠামো এখনও সাইবার অপরাধীদের প্রধান টার্গেট।
