ওয়েব ডেস্ক; ২৬ নভেম্বর : আফগানিস্তানের অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মহানির্দেশক সফিউল্লা আজামের নেতৃত্বে এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ভারতে বস্ত্র মন্ত্রকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। নতুন দিল্লিতে ভারতের পক্ষে এই বৈঠেক নেতৃত্ব দেন কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের বাণিজ্য উপদেষ্টা এ বিপিন মেনন। বস্ত্র ক্ষেত্রে অর্থনৈতিক সম্বন্ধকে আরও গভীর করতে বিভিন্ন পথ নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। ভারত সফররত আফগান প্রতিনিধিদল বস্ত্র পরিমণ্ডলের ক্ষেত্রকে শক্তিশালী করতে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি, কৃষকদের তুলো এবং বস্ত্র মূল্য শৃঙ্খলে প্রবেশের জন্য প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি তাঁদের অগ্রাধিকার বলে জানিয়েছে।

ভারত-আফগানিস্তান বস্ত্র বাণিজ্য সম্পর্ক উভয়ের পরিপূরক হিসেবে প্রকাশ পাচ্ছে। ভারত আফগানিস্তানে বস্ত্র ও পোশাকের দ্বিতীয় বৃহত্তম সরবরাহক। ২০২৪ সালে রপ্তানির পরিমাণ ছিল ৬ কোটি ৮৭ লক্ষ মার্কিন ডলার। আফগানিস্তান ২০২৪ সালে সারা বিশ্ব থেকে ৭৪ কোটি ২৮ লক্ষ মার্কিন ডলার মূল্যের বস্ত্র ও পোশাক আমদানি করেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তুলো উৎপাদক দেশ হিসেবে ভারতের দক্ষতাকে আফগানিস্তান কাজে লাগাতে চায়।

দ্বিপাক্ষিক আলোচনায় উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে মতবিনিময় করেছেন। আফগান তুলো চাষিদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা সহ ভিসা এবং চালানের সুযোগ, উভয় দেশের শিল্প সংগঠনগুলির মধ্যে নিবিড় জোট গড়ে তোলার বিষয় নিয়েও আলোচনা হয়েছে। ভারত টেক্স ২০২৬-এ আফগানিস্তানের অংশগ্রহণকে বস্ত্র মন্ত্রক উৎসাহ দিয়েছে।

গঠনমূলক আলোচনার ভিত্তিতে দ্বিপাক্ষিক বৈঠক শেষ হয়। উভয় পক্ষই বস্ত্র ক্ষেত্রে ভবিষ্যতের দিকে তাকিয়ে সহযোগিতার সম্ভাবনার ক্ষেত্রকে প্রসারিত করার ব্যাপারে ইতিকর্তব্য চিহ্নিত করেছে।