ওয়েব ডেস্ক; ২৪ জানুয়ারি: কেন্দ্রীয় সরকারের মিশন মোডে নিয়োগ অভিযান–এর আওতায় ১৮তম রোজগার মেলা ২৪ জানুয়ারি সফলভাবে অনুষ্ঠিত হল ৭৪তম ব্যাটালিয়ন, সীমান্ত নিরাপত্তা বাহিনী (BSF), উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম অঞ্চলের দিগবেড়িয়ায়। অনুষ্ঠানে বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। তিনি ২৫ জন নবনিযুক্ত প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন।

অনুষ্ঠানে মোট ১০০ জন প্রার্থী সরাসরি অংশগ্রহণ করেন। এর মধ্যে ২৫টি নিয়োগপত্র কেন্দ্রীয় মন্ত্রীর দ্বারা প্রদান করা হয়, এবং অবশিষ্ট ৭৫টি নিয়োগপত্র অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও ঊর্ধ্বতন আধিকারিকদের দ্বারা বিতরণ করা হয়।

নবনিযুক্ত প্রার্থীরা বিভিন্ন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPFs)–তে যোগদান করছেন, যার মধ্যে রয়েছে বিএসএফ, আসাম রাইফেলস (AR), সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি এবং বর্ডার অর্গানাইজেশন ব্রাঞ্চ (BOB)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ–এর ঊর্ধ্বতন আধিকারিকরা, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য শ্রী ভূপেন্দ্র সিং, ইন্সপেক্টর জেনারেল, বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার এবং শ্রী মঞ্জিন্দর সিং, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার। তাঁরা নবনিযুক্ত প্রার্থীদের নিষ্ঠা, শৃঙ্খলা ও জাতীয় সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এই অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে জাতীয় স্তরের রোজগার মেলা কর্মসূচির সঙ্গে যুক্ত ছিল, যেখানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নবনিযুক্ত চাকুরি প্রার্থীদের উদ্দেশে ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন, রোজগার মেলা আজ একটি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে এবং এই উদ্যোগের মাধ্যমে সারা দেশে লক্ষ লক্ষ যুবক-যুবতী বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগপত্র পেয়েছেন। তিনি যুবসমাজকে ক্ষমতায়িত করা এবং বৃহৎ পরিসরে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সরকারের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সরাসরি নিয়োগপত্র বিতরণের পাশাপাশি, ই-মেল ও স্পিড পোস্টের মাধ্যমে আরও ২,৮১৫টি নিয়োগপত্র পাঠানো হয়েছে, যার ফলে এই কেন্দ্র থেকে ইস্যুকৃত নিয়োগপত্রের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২,৯১৫টি। এর মধ্যে ৭৫টি অন্যান্য দপ্তরের চাকুরি প্রার্থীরাও অন্তর্ভুক্ত রয়েছেন।

পটভূমি:

রোজগার মেলা হল ভারত সরকারের একটি অন্যতম উদ্যোগ, যার লক্ষ্য মিশন মোডে বিভিন্ন মন্ত্রক ও দপ্তরে নিয়োগ প্রক্রিয়াকে দ্রুততর করা। এই কর্মসূচি শুরুর পর থেকে সারা দেশে ১১ লক্ষেরও বেশি নিয়োগপত্র ইস্যু করা হয়েছে।

১৮তম রোজগার মেলা একযোগে দেশের ৪৫টি স্থানে আয়োজন করা হয়, যার মাধ্যমে নবনিযুক্ত চাকুরি প্রার্থীরা বিভিন্ন সরকারি দপ্তরে, বিশেষ করে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগদান করে জাতি গঠন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন।