ওয়েব ডেস্ক; ২০ এপ্রিল : ভারতীয় রেলের শিক্ষানবিশ আধিকারিক (২০২২ ও ২০২৩ ব্যাচ) এবং সেন্ট্রাল ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যাসিস্টেন্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা (সড়ক-২০২১, ২০২২, ২০২৩ ও ২০২৪ ব্যাচ) আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন।

রাষ্ট্রপতি বলেন, এই নতুন আধিকারিকরা ভারতের বিকাশ যাত্রার এক তাৎপর্যপূর্ণ সময়ে কাজে যোগ দিয়েছেন। বিকশিত ভারত গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে। নতুন এই আধিকারিকদের ভূমিকা লক্ষ লক্ষ নাগরিকের জীবনে প্রত্যক্ষ প্রভাব ফেলবে।

আধুনিক দেশ গঠনের অন্যতম মূল ভিত্তি হল পরিকাঠামো- একথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, রেলপথ ও সড়কপথ কেবলমাত্র পরিবহণ নয়, আর্থিক উন্নয়নের গুরুত্বপূর্ণ চাবিকাঠি। কোনও একটি অঞ্চলের সংযোগ বৃদ্ধি সেখানকার আর্থ-সামাজিক বিকাশকে বহুগুণ ত্বরাণ্বিত করে। পরিকাঠামোর প্রসার লজিস্টিক্স-এর খরচ কমিয়ে এবং বাণিজ্য ও উৎপাদনশীলতায় গতি এনে জাতীয় ঐক্য ও সামগ্রিক উন্নয়নের পথ প্রশস্ত করে থাকে।

জনসেবার মূল্যবোধকে সর্বাগ্রে স্থান দিতে রাষ্ট্রপতি নবীন আধিকারিকদের প্রতি আবেদন রেখেছেন। কঠিন পরিস্থিতিতে এই মূল্যবোধই তাঁদের পথ দেখাবে বলে তিনি মনে করিয়ে দেন। পাশাপাশি শেখার আগ্রহ ধরে রাখা এবং উদ্ভাবনশীল উদ্যোগকে সহায়তা করাও তাঁদের কর্তব্য বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *