ওয়েব ডেস্ক; ২৩ মে : ভারতের বৈদ্যুতিন বাণিজ্যের লজিস্টিকস পরিমন্ডলকে শক্তিশালী করতে এবং দেশজুড়ে প্রত্যন্ত অঞ্চলে জিনিস পৌঁছে দেবার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে একটি বড় পদক্ষেপ নিয়েছে ডাক বিভাগ। যোগাযোগ মন্ত্রকের আওতাধীন ডাক বিভাগ (ডিওপি) এবং ফ্লিপকার্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এই ধরণের পরিষেবার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।
নতুনদিল্লিতে এই চুক্তিটি স্বাক্ষর করেন ডাক বিভাগের পার্সেল অধিদপ্তরের জেনারেল ম্যানেজার নীরজ কুমার ঝা এবং ফ্লিপকার্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর – কমার্শিয়াল হরবিন্দর কাপুর। উপস্থিত ছিলেন ডাক বিভাগের পার্সেল ও সিসিএস অধিদপ্তরের চিফ জেনারেল ম্যানেজার আদনান আহমেদ, ফ্লিপকার্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর (কর্পোরেট অ্যাফেয়ার্স) শ্রী দিপ্পি ভানাকানি এবং উভয় সংস্থার উচ্চপদস্থ আধিকারিকরা।
এই উদ্যোগের লক্ষ্য হল, ডাক বিভাগের বিস্তৃতি ও বিশ্বস্ত ডেলিভারি নেটওয়ার্কের পাশাপাশি ভারতের ই-কমার্স ক্ষেত্রে ফ্লিপকার্টের শক্তিশালী উপস্থিতিকে কাজে লাগিয়ে দেশজুড়ে দক্ষ, নির্ভরযোগ্য এবং গ্রাহক-কেন্দ্রিক পার্সেল পৌঁছানোর সমাধান প্রদান করা। এই চুক্তির আওতায়, ডাক বিভাগ সমগ্র দেশের প্রত্যন্ত অঞ্চলেও ফ্লিপকার্টের মাধ্যমে কেনা জিনিসপত্রের জন্য ডেলিভারি পরিষেবা প্রদান করবে।
চুক্তির মূল বৈশিষ্ট্যসমূহ :
- দেশব্যাপী লাস্ট মাইল পরিষেবা : ফ্লিপকার্ট প্রত্যন্ত ও অনুন্নত অঞ্চলসহ শহর, শহরতলী এবং গ্রামীণ এলাকায় পার্সেল ডেলিভারি পরিষেবার জন্য ইন্ডিয়া পোস্টের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করবে।
- সমন্বিত ডেলিভারি সমাধান : এই পরিষেবাগুলির মধ্যে রয়েছে প্রিপেইড এবং ক্যাশ অন ডেলিভারি সুবিধা, ওটিপি ভিত্তিক ডেলিভারি যাচাইকরণ এবং রিয়েল-টাইম শিপমেন্ট ট্র্যাকিং।
- উন্নত গ্রাহক অভিজ্ঞতা : এই চুক্তিটি দ্রুত ডেলিভারি, উন্নত পরিচালন সমন্বয় এবং দক্ষ পার্সেল চলাচল ও ডেলিভারির জন্য নির্বিঘ্ন প্রযুক্তি উপর গুরুত্ব দেয়।
- ই-কমার্স বৃদ্ধিতে সহায়তা : এই সহযোগিতা ভারতের দ্রুত বর্ধনশীল বৈদ্যুতিন বাণিজ্যক্ষেত্রকে সমর্থনকারী লজিস্টিকস পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
এই অংশীদারিত্বের মাধ্যমে, ফ্লিপকার্ট ডাক বিভাগের ১.৬ লক্ষেরও বেশি ডাকঘরের বিশাল নেটওয়ার্ক এবং সমগ্র দেশে এক ব্যাপক ডেলিভারি ব্যবস্থার সুবিধা পাবে। এর ফলে বিশেষ করে প্রত্যন্ত ও গ্রামীণ অঞ্চলে বাজারের পরিধি আরও বিস্তৃত হবে, ডেলিভারির কার্যকারিতা বাড়বে এবং পরিষেবা আরও উন্নত হবে।
ফ্লিপকার্ট ভারতের অন্যতম শীর্ষস্থানীয় বৈদ্যুতিন বাণিজ্য সংস্থা। এটি বিভিন্ন ধরণের পণ্য এবং ডিজিটাল কমার্স সমাধানের মাধ্যমে দেশজুড়ে লক্ষ লক্ষ গ্রাহককে পরিষেবা দিয়ে থাকে। এই সহযোগিতা ডাক বিভাগের ডেলিভারি নেটওয়ার্ক এবং লজিস্টিকস পরিকাঠামোর ব্যবহার বাড়িয়ে তাদের পার্সেল ব্যবসাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। এই অংশীদারিত্বটি ভারতের ডিজিটাল অর্থনীতির ক্রমবর্ধমান চাহিদাকে সমর্থনকারী একটি শীর্ষস্থানীয় লজিস্টিকস সংস্থায় রূপান্তরিত হওয়ার জন্য ডাক বিভাগের চলতি প্রচেষ্টার পরিপূরক।
