ওয়েব ডেস্ক; ২ জুন: মিশন অলিম্পিক্স-এর ১৭৪তম বৈঠকে একাধিক রোয়ারকে টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম (টিওপিএস) ডেভেলপমেন্ট গ্রুপে অন্তর্ভুক্ত করা হল ২০২৬-এর আইচি-নাগোয়া এশিয়ান গেমস এবং অন্যান্য আসন্ন ক্রীড়া প্রতিযোগিতার আগে।
মোট ২২ জন রোয়ার টপস ডেভেলপমেন্ট গ্রুপের অংশ হল। এই নৌচালকরা রোয়িং-এ আন্তর্জাতিক বড় বড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য তৈরি হবে। এদের মধ্যে আছেন ২০২৪-এ প্যারিস অলিম্পিকে যোগদানকারী বলরাজ পানওয়ার, ২০২২-এর এশিয়ান গেমস-এ রুপো জয়ী অরবিন্দ সিং, ২০২২-এর এশিয়ান গেমস-এ দুটি পদকজয়ী জসবিন্দর সিং প্রমুখ।
পুরুষদের সিঙ্গল স্কাল, ডাবল স্কাল, কোয়াড্রুপল স্কাল, লাইট ওয়েট ডাবল স্কাল, কক্সড এইট এবং মহিলাদের কক্সলেস ফোর এই ৬টি বিভাগে বিভক্ত করা হয়েছে ২২ জন রোয়ারকে। এদের মধ্যে বেশ কয়েকজনকে ২০২৬-এর এশিয়ান গেমস-এর জন্য এবং বাকিদের ২০৩০-এর ভারতে অনুষ্ঠিতব্য কমনওয়েল্থ গেমস এবং অন্যান্য ভবিষ্যৎ প্রতিযোগিতার জন্য তৈরি করা হবে।
ব্যক্তিগত পদক সম্ভাবনাতে বেশি নজর না দিয়ে একদল কৃতী খেলোয়াড় তৈরি করার জন্য এই প্রয়াস টপস ডেভেলপমেন্ট গ্রুপের। ১৯৮৬ এডিনবার্গ থেকে কমনওয়েল্থ গেমস-এ রোয়িং নেই। তবে শততম কমনওয়েল্থ গেমস-এ রোয়িং-এ অন্তর্ভুক্তির সম্ভাবনা আছে।
