ওয়েব ডেস্ক; ৩ জুলাই: নাগরিকদের সুবিধার্থে আরও একটি পদক্ষেপ হিসেবে, ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া’ (ইউআইডিএআই )
এখন মানুষকে সরাসরি ‘আধার অ্যাপ’-এর মাধ্যমে তাদের আধার তথ্যে ইমেল আইডি যুক্ত বা আপডেট করার সুযোগ দিচ্ছে; ফলে আধার কেন্দ্রে যাওয়ার আর কোনও প্রয়োজন থাকছে না।
এটি শুধুমাত্র আধার অ্যাপের মাধ্যমে পাওয়া একটি বিনামূল্যের পরিষেবা, যা ১ জুলাই থেকে ছয় মাসের জন্য কার্যকর থাকবে। এর ফলে নাগরিকদের পক্ষে তাঁদের আধার তথ্য আপডেট রাখা আগের চেয়ে অনেক সহজ হয়ে উঠেছে।
আধার অ্যাপে এই নতুন পরিষেবাটি চালু হওয়ার মাত্র দুই দিনের মধ্যেই আড়াই লক্ষেরও বেশি মানুষ তাদের ইমেল ঠিকানা আপডেট করেছেন। আধারের সঙ্গে ই-মেল যুক্ত থাকলে আধার অথেন্টিকেশন বা তথ্য যাচাইয়ের কোনও অনুরোধ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই তাৎক্ষণিক ইমেল নোটিফিকেশন পাওয়া সম্ভব হবে।
জনসাধারণের জীবনযাত্রাকে সহজতর করার লক্ষ্যে তৈরি এই নতুন আধার অ্যাপটি ব্যবহারকারীদের স্মার্টফোনের মাধ্যমেই সহজেই মোবাইল নম্বর ও ঠিকানা আপডেট করার মত একাধিক পরিষেবা গ্রহণের সুযোগ করে দিচ্ছে।
এখন পর্যন্ত ৪০ লক্ষেরও বেশি মানুষ নতুন আধার অ্যাপ ব্যবহার করে তাদের মোবাইল নম্বর আপডেট করেছেন। প্রায় ১০ লক্ষ মানুষ তাঁদের ঠিকানা আপডেট করার জন্য এই অ্যাপটি ব্যবহার করেছেন।
