ওয়েব ডেস্ক; ২০ জুলাই : সংস্কৃতি মন্ত্রক কলা সংস্কৃতি বিকাশ যোজনা (কেএসভিওয়াই) রূপায়ণ করেছে, যাতে আর্থিক সহায়তা দেওয়া হয় জনজাতি এবং গ্রামীণ শিল্পীসহ যোগ্য সাংস্কৃতিক সংগঠন এবং শিল্পীদের। এই সব শিল্পীরা অসম, হিমাচল প্রদেশ সহ সারা দেশজুড়ে পারফর্মিং আর্টসের সঙ্গে যুক্ত।
কেন্দ্রীয় কর্মসূচী হওয়ার দরুণ, যোগ্য প্রাপকদের অর্থ দেওয়া হয় কনসোলিডেটেড ফান্ডস অফ ইন্ডিয়া থেকে কেএসভিওয়াই-এর অধীনে বার্ষিক বাজেট বরাদ্দের মাধ্যমে।
কেএসভিওয়াই-তে জেলাভিত্তিক, শ্রেণীভিত্তিক এবং কেন্দ্রভিত্তিক কোনো তথ্য রাখা থাকে না। সরকার কেএসভিওয়াই-এর মাধ্যমে জনজাতি শিল্প, লোকপ্রথা, সঙ্গীত, নৃত্য, সাংস্কৃতিক উৎসব এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রসার ও সংরক্ষণ করে। সারা দেশে বিভিন্ন ধরণের লোক ও জনজাতি শিল্প ও সংস্কৃতি রক্ষা ও প্রসারে ভারত সরকার ৭টি জোনাল কালচারাল সেন্টার স্থাপন করেছে। এর মধ্যে আছে কলকাতাও। এই আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্রগুলি নানা ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে নিয়মিত এবং তাদের বার্ষিক অনুদান দেওয়া হয়।
কাজের পরিধি বাড়াতে সংস্কৃতি মন্ত্রক নিয়মিত কাগজে বিজ্ঞাপন, মন্ত্রকের ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, কেন্দ্র ও একাডেমিগুলির মাধ্যমে কর্মসূচী সংক্রান্ত তথ্য নিয়মিত প্রচার করে থাকে। সংস্কৃতি মন্ত্রক রচণাত্মক ভারত নামে একটি উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের আওতায় সৃজনশীল অর্থনীতির মজবুত বিকাশের লক্ষ্যে সক্ষমতা বৃদ্ধি, বাজারের সুবিধা, উদ্ভাবন, ডিজিটাল সক্ষমতা এবং প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণের জন্য সহায়তা প্রদানের কথা বলা হয়েছে, যার মধ্যে উদীয়মান শিল্পী ও সৃজনশীল পেশাজীবীদের জন্য সহায়তাও অন্তর্ভুক্ত।
মন্ত্রক তার আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্র এবং একাডেমিগুলির মাধ্যমে সদস্য রাজ্যগুলিতে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, উৎসব, কর্মশালা এবং প্রদর্শনীতে উদীয়মান শিল্পীদের যুক্ত করে একটি মঞ্চ প্রদান করে। এই অংশগ্রহণগুলি শিল্পীদের তাদের প্রতিভা প্রদর্শন করতে, ব্যাপক পরিচিতি লাভ করতে এবং ঐতিহ্যবাহী শিল্পরূপগুলিকে সংরক্ষণ ও প্রচার করতে সক্ষম করে। শিল্পীদের সম্মানী, যাতায়াত/দৈনিক ভাতা, থাকা-খাওয়ার ব্যবস্থা, স্থানীয় পরিবহন ইত্যাদিও প্রদান করা হয়, যা তাদের আয় বাড়াতে সাহায্য করে এবং শিল্পচর্চাকে একটি সুস্থায়ী জীবিকা হিসেবে গ্রহণ করতে উৎসাহিত করে, যার ফলে তাদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পায়।
লোকসভায় এক লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।
