কলকাতা, ২৫ জুলাই: ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে দ্রুত রোগ নির্ণয় এবং সময়মতো চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে মণিপাল হাসপাতাল ইএম বাইপাসে একটি সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিপাল অনকোলজি সার্ভিসেস-এর ডিরেক্টর ও সিনিয়র কনসালট্যান্ট – হেড অ্যান্ড নেক অনকোলজি সার্জারি ডা. সৌরভ দত্ত, সিনিয়র কনসালট্যান্ট – সার্জিক্যাল অনকোলজি ডা. হর্ষ ধর, এবং কনসালট্যান্ট– সার্জিক্যাল অনকোলজি ডা. কিংশুক চ্যাটার্জি। আলোচনায় মুখের ক্যানসার দ্রুত শনাক্ত করা, চিকিৎসা এবং চিকিৎসার পর রোগীর পুনর্বাসন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
২৭ জুলাই বিশ্ব হেড অ্যান্ড নেক ক্যানসার দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল ভারতের অন্যতম সাধারণ ক্যানসার সম্পর্কে মানুষকে সচেতন করা। বিশেষজ্ঞরা জানান, ভারতে পুরুষদের মধ্যে হওয়া মোট ক্যানসারের প্রায় ৩০ শতাংশই হেড অ্যান্ড নেক ক্যানসার। তামাক সেবন এই রোগের প্রধান কারণ। দুঃখজনকভাবে, অধিকাংশ রোগীর ক্ষেত্রে রোগ অনেকটাই বাড়ার পর ধরা পড়ে, ফলে চিকিৎসা কঠিন হয়ে যায় এবং সুস্থ হওয়ার সম্ভাবনাও কমে। আলোচনায় রোগের প্রাথমিক লক্ষণ, ঝুঁকির কারণ, প্রতিরোধের উপায়, আধুনিক চিকিৎসা এবং চিকিৎসার পর পুনর্বাসনের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি মুখের ক্যানসার নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণাও ভেঙে দেওয়া হয়।
অনুষ্ঠানে কয়েকজন ক্যানসারজয়ী তাঁদের চিকিৎসার অভিজ্ঞতা ভাগ করে নেন। তাঁরা জানান, সময়মতো রোগ ধরা পড়া, বিভিন্ন বিভাগের চিকিৎসকদের একসঙ্গে চিকিৎসা করা এবং সঠিক পুনর্বাসনের মাধ্যমে তাঁরা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছেন। তাঁদের অভিজ্ঞতা সকলকে দ্রুত লক্ষণ চিনে চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্ব বুঝতে সাহায্য করে।
