ওয়েব ডেস্ক; ১০ আগস্ট: গত তিন বছরে দার্জিলিং ও কালিম্পং জেলায় পর্যটনের সুযোগ-সুবিধা, ভিউ-পয়েন্ট, পথচারীদের পথ এবং অন্যান্য পর্যটন সুযোগ-সুবিধার উন্নয়নের জন্য বরাদ্দকৃত বা অনুমোদিত এবং ব্যবহৃত অর্থের বিবরণ এবং উক্ত জেলাগুলির সীমান্ত এলাকায় ‘ভাইব্র্যান্ট ভিলেজেস’ কর্মসূচির অধীনে উন্নয়নের জন্য চিহ্নিত গ্রাম ও গ্রামীণ অঞ্চলগুলির বিবরণ জানতে চেয়ে লোকসভায় সাংসদ রাজু বিস্তার তোলা প্রশ্নের একটি লিখিত উত্তরে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জানান যে, পর্যটন সুযোগ-সুবিধা, ভিউ-পয়েন্ট, পথচারীদের পথ এবং অন্যান্য পর্যটন সুযোগ-সুবিধাসহ পর্যটন গন্তব্যের উন্নয়ন, প্রচার এবং মানোন্নয়ন মূলত সংশ্লিষ্ট রাজ্য সরকার/কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন দ্বারা পরিচালিত হয়। তবে, প্রকল্পের নির্দেশিকা মেনে চলা, বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (DPR) জমা দেওয়া, তহবিলের প্রাপ্যতা, সরকারি নির্দেশনা, পারস্পরিক অগ্রাধিকার ইত্যাদির ওপর ভিত্তি করে রাজ্য সরকার/কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনকে আর্থিক সহায়তা প্রদান করে পর্যটন মন্ত্রক, বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। তিনি এ প্রেক্ষিতে বলেন, কেন্দ্রীয় ক্ষেত্রীয় প্রকল্প ‘স্বদেশ দর্শন (SD)’, ‘স্বদেশ দর্শন ২.০ (SD2.0)’, ‘চ্যালেঞ্জ বেসড ডেস্টিনেশন ডেভেলপমেন্ট (CBDD)’ – যেটি SD2.0-এর একটি উপ-প্রকল্প – এবং ‘তীর্থক্ষেত্র পুনরুজ্জীবন ও আধ্যাত্মিক-ঐতিহ্য বৃদ্ধিকরণ অভিযান (PRASHAD)’-এর মাধ্যমে পর্যটন পরিকাঠামো উন্নয়নের প্রচেষ্টায় সাহায্য করে।

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, ভারত সরকার তার ‘ক্যাপিটাল ইনভেস্টমেন্টের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (SASCI) – আন্তর্জাতিক মানের আইকনিক পর্যটন কেন্দ্রগুলির বিকাশ’ প্রকল্পের অধীনে ২০২৪-২৫ সালে পর্যটন প্রকল্পের উন্নয়নের জন্য রাজ্যগুলিকে আর্থিক সহায়তা প্রদান করেছে।

শেখাওয়াত এও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রক গ্রামগুলির সামগ্রিক উন্নয়নের জন্য ভাইব্র্যান্ট ভিলেজেস প্রোগ্রাম-১ (VVP-I) বাস্তবায়ন করছে। এই কর্মসূচির অধীনে, অগ্রাধিকারমূলক উন্নয়নের জন্য ৬৬২টি গ্রাম চিহ্নিত করা হয়েছে এবং ৩,০৬৫.৩২ কোটি টাকা ব্যয়ে স্বরাষ্ট্র মন্ত্রক ১,২৪৮টি প্রকল্প অনুমোদন করেছে, যার মধ্যে ৩১৬টি প্রকল্প সম্পন্ন হয়েছে। ‘স্বদেশ দর্শন ২.০ প্রকল্পের উপ-প্রকল্প চ্যালেঞ্জ বেসড ডেস্টিনেশন ডেভেলপমেন্ট (CBDD)’-এর অধীনে থাকা চারটি বিভাগের মধ্যে—সংস্কৃতি ও ঐতিহ্য, আধ্যাত্মিক পর্যটন এবং ইকো-ট্যুরিজম ও অমৃত ধরোহর স্থানগুলির সঙ্গে—ভাইব্র্যান্ট ভিলেজ প্রোগ্রাম অন্যতম। সিবিডিডি (CBDD) উদ্যোগের মূল উদ্দেশ্য হলো, পর্যটকদের অভিজ্ঞতা অর্জন বৃদ্ধি করা এবং পর্যটন গন্তব্যগুলিকে নব রূপ দেওয়ার জন্য গন্তব্যগুলির সামগ্রিক উন্নয়ন সাধন করা।

কেন্দ্রীয় মন্ত্রী আর-ও বলেন, উপরোক্ত প্রকল্পের অধীনে প্রকল্প অনুমোদন একটি ধারাবাহিক প্রক্রিয়া। গত তিন বছরে স্বদেশ দর্শন, স্বদেশ দর্শন ২.০, সিবিডিডি, এসএএসসিআই এবং প্রসাদ প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় বিশেষভাবে কোনো প্রকল্প অনুমোদন করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *