ওয়েব ডেস্ক; ২১ সেপ্টেম্বর : মধ্যপ্রদেশের টেলিকম সার্কেল অসাধুভাবে সিম কার্ড চালু করা নিয়ে কঠোর ব্যবস্থা নিয়েছে। সাম্প্রতিক সাইবার অপরাধ তদন্তে দেখা গেছে, ছত্তিশগড়ের একটি পয়েন্ট অফ সেল (পিওএস) এজেন্ট অবৈধভাবে ২৫টি মোবাইল সংযোগ চালু করে। সেখানে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে অবগত না করেই এবং তাঁদের কোনরকম অনুমতি না নিয়েই তাঁদের নামে সেই সংযোগ চালু করা হয়।
এরপর, টেলিকম দপ্তর এবং টেলিকম পরিষেবা প্রদানকারীরা অবিলম্বে সেই সংশ্লিষ্ট পিওএস-কে কালো তালিকাভুক্ত করে এবং তারা যাতে ভবিষ্যতে এই জাতীয় সিম সংযোগ না দিতে পারে তার ব্যবস্থা করা হয়। টেলিকম দপ্তরের ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মে এই ২৫টি মোবাইল সংযোগ পরীক্ষা করে দেখা যায় যে সন্দেহজনক পরিচিতি ব্যবহার করা হয়েছে এবং ভেরিফিকেশনে অসঙ্গতি দেখা দেওয়ায় তা অচল করে দেওয়া হয়।
টেলিকম দপ্তর তাদের সতর্কবার্তায় অসাধুভাবে সিম কার্ড চালু নিয়ে সতর্ক করে দিয়েছে। এই টেলিকম আইডেন্টিফায়ারদের অপব্যবহার অথবা আইএমইআই নম্বর বিকৃত করা হলে তা টেলি-যোগাযোগ আইন, ২০২৩-এ শাস্তিযোগ্য অপরাধ। এতে তিন বছর পর্যন্ত কারাবাস এবং ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। টেলি-যোগাযোগ আইন, ২০২৩-এর সংস্থান মোতাবেক টেলিকম জালিয়াতি প্রতিরোধে বিভিন্ন বিধি চালু হয়েছে। এটি নাগরিকদের সুরক্ষা, নিরাপত্তা ও বিশ্বাসযোগ্য টেলি-যোগাযোগ বাতাবরণ গড়ে তোলার স্বার্থেই চালু করা হয়েছে।
জনসাধারণকে সতর্ক করা হয়েছে তাঁরা যাতে তাঁদের নামে ইস্যু হওয়া সিম কার্ড হাত বদল না করেন কারণ, সেই সিমের যদি অপব্যবহার হয় তাহলে যাঁর নামে তা ইস্যু হয়েছিল, আইনি দায়বদ্ধতার তাঁর ক্ষেত্রেই বর্তাবে। নাগরিকরা নিজেদের সুরক্ষিত রাখতে সঞ্চার সাথী পোর্টাল www ডট sancharsaathi ডট gov ডট in অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে তাঁদের মোবাইল সংযোগ যাচাই করে নেবেন। সাইবার জালিয়াতি রোধে এবং টেলিকমের কোনরকম অপব্যবহার প্রতিরোধ করতে এই ব্যবস্থা জরুরি।
