কলকাতা, ৪ নভেম্বর : আগামী ২০ শে নভেম্বর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র আহ্বানে অনুষ্ঠিত হতে চলেছে ‘কলকাতা চলো’ অভিযান। বিরোধীদের দ্বারা অরাজকতা সৃষ্টির অভিযোগ তুলে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং দেশের গণতান্ত্রিক পরিবেশ ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষার দাবিতে এই বৃহত্তর ছাত্রসমাবেশের ডাক দিয়েছে এবিভিপি।

এই কর্মসূচিকে সামনে রেখে এবিভিপি-র পশ্চিমবঙ্গ প্রদেশ কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন এবিভিপি-র দক্ষিণবঙ্গের রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্য, জাতীয় কার্যকরিণী সদস্য অরবিন্দ বাজপেয়ী এবং কলকাতা মহানগর সম্পাদক স্বাধীন হালদার সহ সংগঠনের প্রমুখ কার্যকর্তারা।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এবিভিপি-র দক্ষিণবঙ্গের রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্য বলেন, “দীর্ঘ সময় ধরে কিছু স্বার্থান্বেষী মহল নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য দেশকে বিভাজিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের মধ্যে অস্থিরতা ও অরাজকতার পরিবেশ তৈরি করে রাজনৈতিক ফায়দা তোলার এই প্রবণতা বন্ধ হওয়া প্রয়োজন। বর্তমান ছাত্রসমাজ, বিশেষত জেন-জি প্রজন্ম, দেশের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি নিজেদের দায়বদ্ধতা ও সচেতনতার পরিচয় দিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল এবং ছাত্রসমাজের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে তার প্রতিফলন দেখা গিয়েছে।”

তিনি আরও বলেন, “দেশের মধ্যে অরাজকতা বন্ধ করে গণতন্ত্রকে সুরক্ষিত করার আহ্বান জানিয়েই এবিভিপি-র এই ‘কলকাতা চলো’ অভিযান। এই অভিযানে দক্ষিণবঙ্গ প্রান্তের বিভিন্ন জেলা থেকে প্রায় ২০,০০০ ছাত্রছাত্রী কলকাতার রাজপথে সমবেত হবেন। ছাত্রসমাজের গণতান্ত্রিক অধিকার, দেশের অখণ্ডতা এবং সুস্থ সামাজিক পরিবেশ রক্ষার দাবিতে এই সমাবেশ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী ২০ শে নভেম্বর কলকাতার রাজপথে হাজার হাজার ছাত্রছাত্রীর উপস্থিতির মধ্য দিয়ে এই ‘কলকাতা চলো’ অভিযান সফল করার আহ্বান জানায় এবিভিপি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *