ওয়েব ডেস্ক; ১০ নভেম্বর : ১,৩৬৪টি ক্যানসার প্রতিরোধী ফর্মুলেশনের সংশোধিত সর্বোচ্চ খুচরো মূল্য ৯ নভেম্বর থেকে কার্যকর হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের স্বাস্থ্য পরিষেবা বিভাগের মহানির্দেশক (ডিজিএইচএস) গঠিত বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে রাসায়নিক ও সার মন্ত্রকের অধীন ফার্মাসিউটিক্যালস বিভাগের ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ) ১৩৭টি ক্যানসার প্রতিরোধী ওষুধের সর্বোচ্চ খুচরো মূল্যের ওপর বাণিজ্যিক মুনাফার সীমা নির্ধারণ করে। ওষুধগুলির এই সংশোধিত সর্বোচ্চ খুচরো মূল্যই আজ থেকে কার্যকর হয়েছে।

৮ নভেম্বর, ২০২৬ পর্যন্ত ৮৫টি ওষুধ প্রস্তুতকারী সংস্থা মোট ১,৩৬৪টি ক্যানসার প্রতিরোধী ফর্মুলেশনের ১২১টি ওষুধের সংশোধিত সর্বোচ্চ খুচরো মূল্য জানিয়েছে। এর মধ্যে ৬৭৯টি ব্র্যান্ডের ওষুধের দাম ৫০ শতাংশেরও বেশি কমেছে। সর্বোচ্চ মূল্য হ্রাসের পরিমাণ ৯৬.৪৫ শতাংশ।

ওষুধের দাম কমার ফলে ক্রেতাদের বছরে আনুমানিক ৩,৫৪০.৩৮ কোটি টাকা সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।

ক্রেতারা ওষুধের প্যাকেটে মুদ্রিত সংশোধিত সর্বোচ্চ খুচরো মূল্য পরীক্ষা করে নিতে পারবেন। পাশাপাশি ‘ফার্মা সহি দাম’ মোবাইল অ্যাপ অথবা এনপিপিএ-এর ওয়েবসাইট থেকে ওষুধের দাম যাচাই করতে পারবেন।

কোনও ওষুধের দোকান বা হাসপাতালের ফার্মেসি সংশোধিত সর্বোচ্চ খুচরো মূল্যের চেয়ে বেশি দাম নিতে পারবে না।

অতিরিক্ত দাম নেওয়া বা ওষুধের মূল্য সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে ক্রেতারা ‘ফার্মা জন সমাধান’ পোর্টালের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। এছাড়াও এনপিপিএ-এর হেল্পলাইন নম্বর ১৮০০-১১১-২৫৫-এ যোগাযোগ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *