ওয়েব ডেস্ক; ১২ নভেম্বর : উদ্ভুত হুমকির মোকাবিলায় সামরিক অভিযানের প্রস্তুতিতে প্রতিরক্ষা বাহিনীকে প্রতিরোধমূলক ও আক্রমণাত্মক ক্ষেত্রে আরও শক্তিশালী করে তোলার আহ্বান জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দ্রুত প্রযুক্তিগত অগ্রগতি এবং আধুনিক যুদ্ধের পরিবর্তিত পরিস্থিতিতে চ্যালেঞ্জের সামনে এই প্রস্তুতি অত্যন্ত জরুরি বলে তিনি জানান। নতুন দিল্লিতে বিমানবাহিনীর কমান্ডারদের সম্মেলনে তিনি গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারির সক্ষমতা আরও বাড়ানোর ওপর জোর দেন। বিভিন্ন ব্যবস্থার মধ্যে সমন্বয় জোরদার করা এবং সম্ভাব্য হুমকি বাস্তবায়িত হওয়ার আগেই তা চিহ্নিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, দেশের প্রতিরক্ষা বাহিনীগুলিকে এমন সক্ষমতা ও কৌশল গড়ে তুলতে হবে, যাতে প্রতিপক্ষের প্রতিক্রিয়া জানানোর বা ঘুরে দাঁড়ানোর কোনও সুযোগ না পায়। একই সঙ্গে শত্রুপক্ষের কোনও আকস্মিক পদক্ষেপের মুখে আমরা যাতে দিশাহারা না হই তা নিশ্চিত করতে হবে। প্রচলিত পদ্ধতি কিংবা ইলেকট্রনিক মাধ্যম—যে কোন ভাবেই অপ্রত্যাশিত আঘাত হানা সম্ভব। গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং সামরিক অভিযানের প্রস্তুতি বাড়ানো দরকার যাতে জওয়ানরা সবসময় সতর্ক এবং যেকোনও উদ্ভুত চ্যালেঞ্জের কার্যকর মোকাবিলা করতে পারে।

রাজনাথ সিং বলেন, সমসাময়িক সংঘাতের পরিধি এখন প্রচলিত রণাঙ্গনের গণ্ডি ছাড়িয়ে এমন সব ক্ষেত্রে বিস্তৃত হচ্ছে, যেখানে সরাসরি সংঘর্ষ ছাড়াই যুদ্ধ পরিচালিত হচ্ছে। এক্ষেত্রে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং উন্নত অস্ত্রব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাশিয়া-ইউক্রেন এবং ইজরায়েল-হামাস সংঘাতের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আধুনিক যুদ্ধে ড্রোন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উঠে এসেছে।

প্রতিরক্ষামন্ত্রী ভারতীয় বিমানবাহিনীকে ইলেকট্রনিক, সাইবার ও মহাকাশ ক্ষেত্র-সহ যুদ্ধের উদ্ভুত ক্ষেত্রগুলির জন্য প্রয়োজনীয় পরিকাঠামোগত ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।তিনি বলেন, ভবিষ্যতের যুদ্ধে জয়লাভ শুধু বিমানের সংখ্যার ওপর নির্ভর করবে না; বরং তা নির্ভর করবে প্রযুক্তিগত উৎকর্ষ, দ্রুত প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা এবং নিখুঁত প্রস্তুতির ওপর। উদ্ভুত চ্যালেঞ্জগুলিকে বাহিনীর অন্যতম অগ্রাধিকার হিসেবে গ্রহণ করার পাশাপাশি প্রাতিষ্ঠানিক চিন্তাভাবনা, পরিকল্পনা এবং সামরিক অভিযান পরিচালনার প্রক্রিয়ার সাথে যুক্ত করতে কমান্ডারদের আহ্বান জানান তিনি।

রাজনাথ সিং উল্লেখ করেন, প্রতিরক্ষা বাহিনী বর্তমানে এক রূপান্তরমূলক পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি জানান, বিভিন্ন ক্ষেত্রেই সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অপারেশন সিঁদুর চলাকালীন এবং তার পরবর্তী সময়ে ভারতীয় বিমানবাহিনী সামরিক অভিযান পরিচালনার প্রশংসা করেন প্রতিরক্ষামন্ত্রী। সেইসঙ্গে তিনি বিমানবাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, সংযম ও বিচক্ষণতারও প্রশংসা করেন। অভিযান থেকে অভিজ্ঞতা ও শিক্ষাগুলি ভারতীয় বিমানবাহিনীর পরিবর্তিত সামরিক কার্যপ্রণালীতে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে বলে তিনি জানান। প্রতিরক্ষামন্ত্রী বলেন, ড্রোন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর ক্রমবর্ধমান গুরুত্ব দেওয়া হচ্ছে।

অপারেশন সিঁদুরে তিনটি বাহিনীর সমন্বয় ও পরিপূরক ভূমিকার উল্লেখ করেন রাজনাথ সিং।

দ্রুত প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিমানবাহিনীর সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের প্রশংসা করেন তিনি। উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে বিমানবাহিনীর কর্মীদের প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। নবীন নিয়োগপ্রাপ্তদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগানো জরুরি বলেন তিনি।

অগ্নিবীরদের জন্য সেকেন্ড ট্যুর অফ ডিউটি বা দ্বিতীয় দফায় কর্মকালীন পরিষেবার বিষয়ে রাজনাথ সিং বলেন, প্রতিরক্ষা বাহিনীগুলির কাছ থেকে প্রাপ্ত মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নীতিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিন বাহিনীর প্রস্তাব ও পরামর্শকে গুরুত্ব দেওয়ার বিষয়ে সরকারের অঙ্গীকারের কথাও তিনি পুনর্ব্যক্ত করেন।

এই সম্মেলনের অংশ হিসেবে প্রতিরক্ষামন্ত্রী ভারতীয় বিমানবাহিনীর ইউনিট ফর ডিজিটাইজেশন, অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন নেটওয়ার্কিং অর্থাৎ উড়ান-এর অধীনস্থ কৃত্রিম বুদ্ধিমত্তা উৎকর্ষ কেন্দ্র নিজস্ব উদ্যোগে তৈরি একগুচ্ছ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ্লিকেশনের উদ্বোধন করেন তিনি। এর মাধ্যমে সামরিক অভিযান, প্রশাসন এবং মহাকাশ নিরাপত্তা-সহ বিভিন্ন ক্ষেত্রে কাজের স্বয়ংক্রিয়করণ সম্ভব হবে এবং কাজের গতি বাড়বে।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিত, প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং, প্রতিরক্ষা উৎপাদন সচিব সঞ্জীব কুমার এবং প্রতিরক্ষা অর্থ সচিব বিশ্বজিৎ সাহায়। এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় বিমানবাহিনীর সমস্ত কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ, সমস্ত প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং ডিরেক্টর জেনারেলরা। দু’দিনের এই সম্মেলনে বিমানবাহিনীর সমস্ত কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ, প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং ডিরেক্টর জেনারেলরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *