ওয়েব ডেস্ক,২৩ মার্চ, কলকাতা: তোমার কথা হেথা কেহ তো বলে না করে মিছে শুধু কোলাহল~ এই কথারই প্রতিধ্বনি NIP (নেশনাল ইনস্টিটিউট ফর প্রফেশনালস) সাংবাদিক সম্মেলনে।
একটি করে ভোট আসছে, চলে যাচ্ছে। কিন্তু তাদের কথা কেউই সেভাবে উত্থাপন করেননি, তাদের সুযোগ-সুবিধার কথা কেউ কোনদিন বলেনি। তাই প্রত্যেক ভোটের আগে যেভাবে আবেদন করেন, এবারেও তাদের আবেদনের সমস্ত রাজনৈতিক দলের কাছে। যাতে শারীরিকভাবে অক্ষম মানুষদের জন্য কিছু সুযোগ-সুবিধা পাওয়া যায়।
NIP এর সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য ঠিক এই ভাবেই বিশ্লেষণ করলেন সংগঠনের সম্পাদক দেবজ্যোতি রায়।

সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট বামপন্থী নেতা এবং চিকিৎসক ফুহাদ হালিম, অধ্যাপক তথা রাজনৈতিক ব্যক্তিত্ব অম্বিকেশ মহাপাত্র প্রমুখ।
সংগঠনের উদ্দেশ্য প্রসঙ্গে অম্বিকেশ মহাপাত্র বলেন, কাউকে করুনা করার কথা কেন আসবে? এটা আমাদের করা প্রয়োজন। দুর্ভাগ্যজনকভাবে নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে প্রতিবন্ধীদের জন্য আবেদন করতে হচ্ছে। কিন্তু তথাকথিত সক্ষম মানুষদের থেকেও পৃথিবীতে বিখ্যাত অনেক মানুষ রয়েছেন যারা প্রতিবন্ধী। মহিলাদের আসন সংরক্ষণের জন্য লোকসভায় বিল পাস হলেও রাজ্যসভায় আটকে রয়েছে। যদি ২৯৪ টি আসনের মধ্যে এমনও হতে পারে যে অন্তত পাঁচটি আসন প্রতিবন্ধী মানুষদের প্রতিনিধি থাকবেন, যারা তাদের হয়ে কথা বলবে। এমন আইন আনা যেতেই পারে।

সংবাদ সম্মেলনে উপস্থিত শারীরিকভাবে অক্ষম এক প্রতিনিধি আক্ষেপ করলেন, ভলবো বাসের রেম্প এর কথা বলা থাকলেও কোনদিনই সেটা খোলা হয় না। ফলে প্রতিবন্ধী মানুষরা সেই সমস্যার মধ্যে পড়ে থাকেন। বিশেষভাবে সক্ষম মানুষদের কথা কেউ বিশেষভাবে তোলেও না। তাই, যদি আমাদের মত মানুষের জন্য নির্বাচনের ক্ষেত্রে সংরক্ষণ থাকে তবে সেটা ভালো হয়।