ওয়েব ডেস্ক, ২৫ মার্চ, কলকাতা: বাংলাদেশের সুনামগঞ্জের হিন্দুদের বাড়ি ভাঙচুর, লুটপাট এবং অত্যাচার এর প্রেক্ষিতে ‘বাংলাদেশ উদ্বাস্তু উন্নয়ন সংসদ’ আজ সংবাদমাধ্যমের সামনে তাদের এক গুচ্ছ ক্ষোভ ও অভিযোগের কথা তুলে ধরলেন।
সংগঠনের সভাপতি বিমল মজুমদার বলেন, এ দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হলে অথবা প্যালেস্টাইন, কিউবা, ইরাকে সংখ্যালঘুদের উপর অত্যাচার হলে রাজ্যের বুদ্ধিজীবী এবং রাজনৈতিক দলগুলো পথে নেমে আসেন। কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিরুদ্ধে একটি শব্দও শোনা যায়নি। তিনি বলেন, সংখ্যালঘুদের সংখ্যা আগে ৪৬ শতাংশ ছিল। আজ সেটি ৬ শতাংশে দাঁড়িয়েছে।
‘ইস্টবেঙ্গল অ্যালুমনি ক্লাব’ এর কনভেনার চন্দন রায় বলেন, বাংলাদেশে তিন কোটি ভোটারের রায় ছিল ১৯৭১ সালে আর বাংলাদেশের ৭০ লক্ষ হিন্দু নাগরিকের ভোটে আওয়ামী লীগের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। আজ সেই হিন্দু নাগরিকরা বিপর্যয়ের মুখে, বিপন্নতায় ভুগছে। সাংবাদিক সম্মেলনে ওখানকার মানুষদের অত্যাচার এবং দুর্দশা কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন চন্দনবাবু। তিনি বলেন, সাম্প্রতিক কোন ঘটনার সঠিক বিচার আজ পর্যন্ত হয়নি বাংলাদেশে।
‘প্রগতিশীল মুসলিম সমাজ’এর প্রেসিডেন্ট পদ্মশ্রী মাসুম আক্তার বলেন, এদেশের যেমন সংখ্যালঘুদের রক্ষা করার জন্য সবাই এগিয়ে আসেন, একইভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করার জন্য আমাদের এগিয়ে আসা উচিত। না হলে ওই দেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঢেউ এসে এখানে যে পড়বে না তার কোন নিশ্চয়তা নেই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বর্ষীয়ান নেতা প্রদীপ হোম চৌধুরী মহাশয়।
