ওয়েবডেস্ক, ২৭ মার্চ, কলকাতা: বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সিদ্ধার্থ দত্ত রাইট টু এডুকেশন ফোরাম এর সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় শিক্ষা নীতি এবং বিগত ১০ বছরে রাজ্য সরকারের শিক্ষা প্রক্রিয়া এবং শিক্ষানীতি সমালোচনা করে তিনি বলেন, উচ্চ শিক্ষা ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়া আজ আর নেই। ফলে তৈরি হয়েছে নৈরাজ্যময় পরিবেশ।
হাজার হাজার শিক্ষক পদ খালি পড়ে আছে, অথচ দীর্ঘদিন ধরে তা পূর্ণ হচ্ছে না। কেন্দ্রীয় শিক্ষা নীতির সমালোচনা করে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের শিক্ষা সম্পর্কে পরিকল্পনা থাকলেও অর্থের যোগান কিভাবে হবে তার জন্য কোনো পরিকল্পনা নেই। শিক্ষাকে লঘু করে দেওয়া হয়েছে নতুন শিক্ষানীতিতে। ফলে ক্ষতি হবে গবেষণার, পিছিয়ে পড়বে দেশ। কেন্দ্রীয় সরকার এমন কতগুলো বিষয়ে গবেষণায় উৎসাহ যোগাচ্ছেন যার কোন বাস্তব ভিত্তি নেই।
সংগঠনের পক্ষ থেকে ঈশিতা ব্যানার্জি বলেন, কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষা নীতির বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। শিক্ষার অধিকার নিয়ে এই নির্বাচনে সকল নাগরিক ভোট দেবেন এই অনুরোধ আমরা রাখছি। তিনি আরো বলেন, কেন্দ্রীয় শিক্ষানীতির দলিলে 10 + 2 স্তরকে ভেঙ্গে 5+3+3+4 ব্যবস্থা চালু করার কথা বলা হলো। যার ফলে বিষয় ভিত্তিক পাঠক্রম থাকবে না। অন্যদিকে
‘রাজ্যে শিশু শ্রমিক নেই’, এই তথ্যকে প্রমাণ করতে রাজ্য সরকার তৎপর। ফলে শিশু শ্রমিক শিক্ষা কেন্দ্রগুলো কেন্দ্রীয় সরকারের তহবিল থেকে বঞ্চিত হচ্ছে। রাজ্যে বাড়ছে স্কুল ছুটের সংখ্যা।
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা কেন্দ্রীয় ফান্ডের অভাবে ধুঁকছে। তিনি অভিযোগ করেন, বর্তমান শাসকদল শিক্ষাশ্রী, যুবশ্রী, কন্যাশ্রী, বঙ্গশ্রী এগুলো করছেন শিক্ষকদের টাকা খরচ করে।
তাই এই নির্বাচনে সাধারণ মানুষ যেন শিক্ষার সঠিক অধিকারের দাবিতে তাদের ভোট অধিকার প্রয়োগ করেন।