কলকাতা: দ্বিতীয় দফা নির্বাচনের আগেই আবার কয়েকটি পদে অফিসার বদল করলো নির্বাচন কমিশন।
পূর্ব মেদিনীপুরের মহিষাদলের সি আই বিচিত্র বিকাশ রায়ের জায়গায় আসলেন বর্তমানে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চএর ইন্সপেক্টর শীর্ষেন্দু দাস।

অন্যদিকে এসডিপিও হলদিয়া বরুণ বৈদ্যকে বদলি করে ডাব্লু বি পি এস উত্তম মিত্রকে আনা হলো। কমিশন নির্দেশ দিয়েছে বরুণ বৈদ্য নির্বাচনের কোন কাজে যোগ দিতে পারবেন না।

নির্বাচন কমিশন কলকাতার ১৬১ বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার বদল করার নির্দেশ দিয়েছে। দশ বছর ধরে একই পদে থাকার জন্য বালিগঞ্জ কেন্দ্রের রিটার্নিং অফিসার অরিন্দম মণি কে নিয়ম অনুযায়ী নির্বাচনের আগে অন্য পদে বদলি করতে নির্দেশ দেওয়া হয়েছে। বালিগঞ্জ কেন্দ্রে রিটার্নিং অফিসার পদে নিয়োগের জন্য অন্য তিনটি নামের তালিকাও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছ থেকে চেয়ে পাঠানো হয়েছে।