চতুর্থ দফায় শীতলকুচি ঘটনায় রীতিমতো ভাবেই উদ্বিগ্ন নির্বাচন কমিশন। ভোটার এবং পর্যবেক্ষকদের সুরক্ষা নিয়েও চিন্তিত তারা। তাই পঞ্চম দফা থেকে কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা বলয়ের মধ্যে থাকবেন পর্যবেক্ষকরা।
সূত্র মারফত খবর প্রত্যেক পর্যবেক্ষকের সুরক্ষায় রাজ্য পুলিশ ছাড়াও চারজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন থাকবে। এতদিন পর্যন্ত পর্যবেক্ষকদের সুরক্ষার দায়িত্ব থাকতো রাজ্য পুলিশের উপর এখন থেকে কেন্দ্রীয় বাহিনীও থাকবে তাদের সুরক্ষায়।
রাজ্যের প্রথম তিন দফার নির্বাচন পর্ব মোটের উপরে শান্তিপূর্ণভাবে মিটলেও চতুর্থ দফায় অশান্তি রুখতে গুলি চালাতে হয় কেন্দ্রীয় বাহিনীকে। সেই পরিপ্রেক্ষিতেই পরবর্তী পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হচ্ছে বলে কমিশন সূত্রে খবর।
